মোঃ তরিকুল ইসরাম, ভা-ারিয়া প্রতিনিধিঃ পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর বলেছেন, ফ্যাসিস্ট সরকারের আমলে মন্ত্রী থেকে পিয়ন পর্যন্ত সবাই দুর্নীতির সঙ্গে জড়িত ছিল। আগের সরকার দেশের অর্থনীতি লুটপাট করে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। দেশের অর্থনীতি ও গণতান্ত্রিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে। এর প্রমাণ পিরোজপুর জেলা, যেখানে ব্যাপক দুর্নীতি হয়েছে। কোনো কাজ না করেই হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ভা-ারিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মাদক ও সন্ত্রাস সমাজের জন্য বড় হুমকি। এসব অপরাধের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে হবে এবং প্রশাসনের সব স্তরে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, দায়িত্ব যথাযথভাবে ও সততার সঙ্গে পালন করতে হবে। জনগণের সেবা নিশ্চিত করাই সরকারি কর্মকর্তাদের প্রধান দায়িত্ব। কোনো ধরনের গাফিলতি বা দায়িত্বে অবহেলা সহ্য করা হবে না।
তিনি আরও বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব দেশের ওপরও পড়েছে। তাই সরকারি দপ্তরগুলোতে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে এবং অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনতে হবে।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো সরকারি দপ্তরে গিয়ে অযথা বসে থাকা বা হস্তক্ষেপ করা যাবে না। প্রশাসনকে স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ দিতে হবে। তবে কেউ অন্যায় বা দুর্নীতিতে জড়িত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিদিন সকাল ৯টার আগেই অফিসে উপস্থিত হন এবং নিয়মিত কাজের তদারকি করেন। তার নির্দেশনা অনুযায়ী সব সরকারি কর্মকর্তাদের সকাল ৯টার আগেই অফিসে উপস্থিত হয়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আগে যারা দেশ পরিচালনা করেছে তারা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। ফলে অনেক ক্ষেত্রে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।
ভা-ারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ভা-ারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আমান উল্লাহ খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দেব নাথ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, ভা-ারিয়া থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান, ইউপি চেয়ারম্যান মেজবাউদ্দিন আরিফ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, প্রধান শিক্ষক আবু নাসের এবং প্রেস ক্লাবের সভাপতি মো. শফিকুল ইসলাম মিলনসহ অনেকে।
সভা শেষে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে সমাজকল্যাণ বিভাগের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে গরিব ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান করেন প্রতিমন্ত্রী। পরে তিনি পৌর শহরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন করেন।