নিজস্ব প্রতিবেদক : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মালিকবিহীন ২৬টি গরু উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নের ভাবনার চর (বামনের চর) এলাকা থেকে বাছুরসহ ২৬টি গরু উদ্ধার করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। পরে গরুগুলো থানা এলাকায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
রবিবার (২৪ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মমিন উদ্দিন। পুলিশ জানায়, শনিবার দুপুরে উদ্ধার হওয়া গরুগুলোর কোনো মালিককে পাওয়া যায়নি। গরুগুলো চরাঞ্চলে অবহেলিত অবস্থায় ছিল। এগুলো চোরাই গরু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেন্দিগঞ্জে দীর্ঘদিন থেকে গরু চুরির ঘটনা ঘটছে। কয়েক মাস আগে দাদপুর চর এলাকা থেকেও সাতটি চোরাই গরু উদ্ধার করেছিল পুলিশ। এ ঘটনায় একজনকে আটক করা হলেও চক্রের মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
ঈদুল আজহাকে সামনে রেখে উপজেলায় গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় খামারি ও কৃষকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকেই রাত জেগে গোয়ালঘর পাহারা দিচ্ছেন। গরু চুরিরোধে প্রশাসনের নজরদারি আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন খামারিরা।
মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মমিন উদ্দিন বলেন, গরুগুলো মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রকৃত মালিকদের খুঁজে বের করার চেষ্টা চলছে। মালিক না পাওয়া গেলে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি চোরাই গরু চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।