বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে কৃষক দলের এক নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানাতে জরুরি সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ওই নেতা।
সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠী গ্রামে বিশ্বাস বাড়ি জামে মসজিদের সামনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন বিশ্বাস।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ফেসবুকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে। এতে তাঁর পরিবার, সহকর্মী এবং সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি হয়েছে। তিনি দীর্ঘদিন তার বাড়ির মসজিদের সভাপতির দায়িত্বে ছিলাম। মসজিদ উন্নয়ন ফান্ডের তিন লক্ষ টাকা তার কাছে ছিল। তিনি ২০২৪ সালে মসজিদ সংস্কারের সময় বর্তমান সভাপতি মো: মনিরুল ইসলামের কাছে সেই তিন লক্ষ টাকা জমা দেন। যে টাকা মসজিদ সংস্কার কাজে ব্যয় করা হরেছে। অথচ একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তিনি মসজিদের ৫ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। যাহা অসত্য ও অপপ্রচার। তিনি ২০২৪-২০২৫ অর্থ বছরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মসজিদের জন্য ১লক্ষ ১৫ হাজার টাকা অনুদান এনেছেন। তিনি সব সময় চেষ্টা করেছেন এলাকা ও মসজিদ উন্নয়নের জন্য।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত। ব্যক্তিগত ও রাজনৈতিক ক্ষতি করার উদ্দেশ্যে যারা এসব অপপ্রচার করছে তাদের বিরুদ্ধে তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।
মসজিদ কমিটির সভাপতি মোঃ মনিরুল ইসলাম বিশ্বাস এ বিষয়ে বলেন, কখনো মসজিদ ফান্ডে ৫ লক্ষ টাকা ছিলনা। মসজিদ ফান্ডে যে ৩ লাখ টাকা ছিল সেটা মসজিদ উন্নয়ন কাজে ব্যয় করা হয়েছে। তিনি আরও বলেন, স্বার্থান্বেষী একটি মহল কৃষকদল নেতা জাহাঙ্গীর বিশ্বাসের বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার চালানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত থেকে অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। তবে কৃষক দল নেতার দাবি, সত্য উদঘাটন হলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে।