নিজস্ব প্রতিবেদক : বরগুনার গুলিশাখালী এলাকা থেকে ২৫ ডিসেম্বর দিবাগত রাতে তিনটি কৃষক পরিবারের কাছ থেকে চুরি হওয়া পাঁচটি গরু উদ্ধার করেছে পুলিশ।
বেতাগী থানা সূত্রে জানা যায়, এসআই মো. তহিদুল ইসলামের নেতৃত্বে আজ দুপুর আনুমানিক ৩টা ৩০ মিনিটে অভিযান পরিচালনা করা হয়। বেতাগীর মোকামিয়া এলাকা থেকে ধাওয়া করে কেওড়াবনি এলাকা থেকে একটি ট্রলারসহ পাঁচটি গরু উদ্ধার করা হয়। এ সময় ট্রলার চালককে আটক করা হয়।
আটক ট্রলার চালক হলেন ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার রামপুরা গ্রামের হায়দার তালুকদারের ছেলে সবুজ তালুকদার (২৮)।
বেতাগী থানার তদন্ত কর্মকর্তা মোঃ ফারুক হোসেন জানান, ৯৯৯ নম্বরে ফোনের মাধ্যমে তারা জানতে পারেন যে বেতাগীর বিষখালী নদী দিয়ে ট্রলারে করে চুরি হওয়া গরু নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে দ্রুত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে তথ্যের সত্যতা পায় এবং ট্রলার চালকসহ পাঁচটি গরু ও একটি ট্রলার আটক করে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত মামলা দায়ের করা হয়নি। উদ্ধার হওয়া গরুগুলোর প্রকৃত মালিক যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে গরুগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হবে।