নিজস্ব প্রতিবেদক : বেতাগী–মির্জাগঞ্জ সড়কের বেহাল অবস্থার কারণে বাড়ছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি।
এ অবস্থায় চালক ও পথচারীদের সতর্ক করতে সড়কের মাঝখানে কলাগাছ রোপণ করেছেন স্থানীয়রা।
বরগুনার বেতাগী উপজেলার ২৫ নং বাসন্ডা প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, রাস্তার মাঝখানে একটি কলাগাছ দাঁড়িয়ে রয়েছে। সড়কের দু’পাশ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
স্থানীয়রা জানান, গত ১৫ থেকে ২০ দিন ধরে সড়কের এ অংশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। রাস্তার মাঝখান দেবে গিয়ে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচল যেমন কঠিন হয়ে পড়েছে, তেমনি যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
স্থানীয়দের ভাষ্যমতে, এটি একটি অত্যন্ত জনবহুল সড়ক। প্রতিদিন হাজার হাজার মানুষ এ সড়ক ব্যবহার করেন। রিকশা, অটোরিকশা, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন চলাচল করে এ পথে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অটোরিকশাচালক অভিযোগ করে বলেন, প্রভাবশালী গাছ ব্যবসায়ী মোতালেব প্যাদা ও শিবু দীর্ঘদিন ধরে অবৈধভাবে রাস্তার ওপর ট্রাকে গাছ লোড করেন। এ সময় ভারী ট্রাক ওঠানামার কারণে রাস্তার মাঝখান ও দু’পাশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলেই বর্তমানে সড়কটি খানাখন্দে পরিণত হয়েছে।
স্থানীয়রা দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।