নিজস্ব প্রতিবেদক : বরগুনার পাথরঘাটায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লায় ভোট চেয়ে প্রকাশ্যে মিছিল করার অভিযোগ উঠেছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে পাথরঘাটা উপজেলা শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ মিছিল বের করা হয়।
প্রত্যক্ষদর্শী ও প্রাপ্ত ভিডিও ফুটেজে দেখা যায়, ২০ থেকে ২৫ জন বিভিন্ন বয়সী ব্যক্তি মিছিলে অংশ নেন। এ সময় মিছিলকারীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। স্লোগানগুলো হলো “ইউএনওর বিরুদ্ধে ষড়যন্ত্র মানি না, মানবো না,” “সৎ লোকের শাসন চাই, দাঁড়িপাল্লায় ভোট চাই,” এছাড়া ধর্মীয় স্লোগান “নারায়ে তাকবীর, আল্লাহু আকবার” ও দিতে শোনা যায়।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার ইশরাত জাহান এবং পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা। তারা জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পাথরঘাটা বরগুনা-২ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত একটি বঙ্গোপসাগর তীরবর্তী উপকূলীয় উপজেলা। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হলেন ডা. সুলতান আহমেদ।
এ ঘটনায় অভিযোগ তুলেছেন বরগুনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. নূরুল ইসলাম মণি। তিনি বলেন, এর আগেও গত ১৮ তারিখ একইভাবে মিছিল করা হয়েছে। বারবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি জানেন না বলে জানান। আজ আবারও মিছিল হয়েছে। আমি জেলা প্রশাসককে বিষয়টি জানিয়েছি। আমাদের নেত্রীর মৃত্যুতে আমরা শোকাহত, আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। ফোনে জানতে পারি পাথরঘাটায় দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মিছিল করা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. সুলতান আহমেদ। তিনি বলেন, মিছিলের বিষয়টি শুনেছি, তবে এটি অত্যন্ত রহস্যজনক। এই মিছিল আমাদের নয়। আমাদেরকে বেকায়দায় ফেলতেই এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। যদি এটি আমাদের মিছিল হতো, তাহলে মুখোশ পরিহিত লোকজন থাকার কথা নয়। পাথরঘাটায় আমাদের দায়িত্বশীল নেতারা নিশ্চিত করেছেন—এই মিছিলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা ঘটনার প্রতিবাদ জানিয়ে স্থানীয় সংগঠনকে বিবৃতি দেওয়ার নির্দেশ দিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ইশরাত জাহান বলেন, ঘটনাটি থানাকে অবহিত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, মিছিল বের হওয়ার বিষয়টি জেনেছি। তবে কারা মিছিল করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।