নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন ও ‘মাদার অব ডেমোক্রেসি’ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমতলী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ব্যতিক্রমী শোকসভা, দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ওয়াবদা হাফিজিয়া মাদ্রাসায় এ উপলক্ষে শতাধিক কোরআনের হাফেজ কোরআন খতম করেন।
জানা গেছে, গত মঙ্গলবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তাঁর রুহের মাগফিরাত কামনায় শনিবার দুপুরে আমতলী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এই ব্যতিক্রমী শোকসভা, দোয়া ও স্মরণসভা আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে শতাধিক কোরআনের হাফেজ কোরআন খতম করেন। আমতলী সাংবাদিক ইউনিয়নের সভাপতি পরিতোষ কর্মকারের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল উদ্দিন ফকির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মামুন ভিপি, পৌর বিএনপির আহ্বায়ক মো. কবির ফকির, প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম খায়রুল বাশার বুলবুল এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমিন টিপু।
দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার ও সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন সিকদারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. জয়নুল আবেদীন, বর্তমান সাধারণ সম্পাদক এইচ এম কাওসার মাদবর, সহসভাপতি ইকবাল আহমেদ তালুকদার, সাংবাদিক মো. রিপন মুন্সি, মো. ফখর উদ্দিন তহসিন এবং এইচ এম রাসেল প্রমুখ।
কোরআন খতম শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. সাইফুল্লাহ। পরে এতিম ও কোরআনের হাফেজদের মধ্যে তবারক বিতরণ করা হয়।
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মো. জালাল উদ্দিন ফকির সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গৃহবধু থেকে বিএনপির চেয়ারপারসন এবং তিনবারের সফল প্রধানমন্ত্রী হিসেবে তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।