বরগুনা প্রতিনিধি: বরগুনা শহরের গ্রীন রোড এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বরগুনা সদরঘাট মসজিদের সাবেক মুয়াজ্জিন মরহুম আব্দুল কাদেরের বাসা সংলগ্ন একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি। ঘটনার সময় আগুনের তীব্রতায় ঘরে থাকা লোকজন নিরাপদে বেরিয়ে আসতে পারলেও মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয়রা পানি ও অন্যান্য উপায়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের ভয়াবহতার কারণে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকান্ডের সময় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন গুরুতর অগ্নিদগ্ধ হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।