নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনে প্রাথমিকভাবে মোট ৪১ জন প্রার্থী বৈধতা পান। এর মধ্যে সাতজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে।
বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে আলোচিত বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহান তার কাঙ্ক্ষিত ফুটবল প্রতীক পেয়েছেন। দলীয় প্রার্থীদের দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের পছন্দ অনুযায়ী প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কার্যালয়।
কাঙ্ক্ষিত প্রতীক পেয়ে সন্তোষ প্রকাশ করে ইঞ্জিনিয়ার আবদুস সোবহান বলেন, “আমার ভোটার ও কর্মী-সমর্থকদের অনুপ্রেরণাই আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। তাদের মতামতের ভিত্তিতেই আমি ফুটবল প্রতীক চেয়েছিলাম এবং আজ সেই প্রতীক পেয়েছি।
তিনি আরও বলেন, “আমি বরিশাল-১ আসনের সাধারণ মানুষের প্রার্থী। জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তাদের মতামত ও চাহিদার ভিত্তিতেই এলাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবো। প্রত্যেক নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, অগ্রাধিকার ভিত্তিতে কাঙ্ক্ষিত উন্নয়ন, বেকারত্ব দূরীকরণে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং মাদক ও সন্ত্রাসমুক্ত বরিশাল-১ আসন গড়াই আমার প্রধান নির্বাচনী অঙ্গীকার।”
এদিকে প্রতীক বরাদ্দের পর বরিশালের ছয়টি আসনের প্রার্থীদের কর্মী-সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার-প্রচারণা শুরু করেছেন। এতে করে পুরো বরিশালজুড়ে ধীরে ধীরে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়েছে।