নিজস্ব প্রতিবেদক : বরিশালের হিজলায় মেঘনা নদীর পাড়ে নোঙর করা ট্রলার থেকে উদ্ধার হওয়া গলাকাটা সেই মরদেহের পরিচয় মিলেছে। তার নাম মো. আমির হোসেন (৩০)।
তিনি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরঘাসিয়া গ্রামের হাওলাদার বাড়ির কৃষক স্বপন হাওলাদারের বড় ছেলে। তিনি পেশায় জেলে ছিলেন।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা নৌ-ফাঁড়ি পুলিশের ইনচার্জ গৌতম চন্দ্র মণ্ডল।
তিনি জানান, প্রতিদিনের মতো রোববার (১৮ জানুয়ারি) ভোরে আমির মাছ ধরার উদ্দেশ্যে মেঘনা নদীতে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।
পরে রাতে হিজলার বড় জালিয়া ইউনিয়নের শান্তির বাজার এলাকার মেঘনা নদীর পাড়ে নোঙর করা একটি ট্রলার থেকে মরদেহটি উদ্ধার করে নৌপুলিশ। পরে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।