ভা-ারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভা-ারিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। স্থানীয় রিজার্ভ পুকুর পাড়ে অবস্থিত শহীদ মিনারে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ ও পৌরসভার পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ভা-ারিয়া থানা পুলিশের পক্ষে সহকারী পুলিশ সুপার মো. ওয়ালীদ হাসান এবং থানার ওসি (তদন্ত) রতেœশ্বর কুমার মন্ডল শ্রদ্ধা নিবেদন করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দেবনাথ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এছাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও তাদের সহযোগী অঙ্গসংগঠন, জাতীয় পার্টি (জেপি), এনসিপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে। মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রেসক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন ব্যাংক ও এনজিওর প্রতিনিধিরাও শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।