বাকেরগঞ্জ সংবাদদাতা: বরিশালের বাকেরগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সৈকত (২৩) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৮টা ২০ মিনিটে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার রুহিতারপাড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহিত সৈকত পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি ঢাকা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। আহত আলাউদ্দিন (৪৫) ব্র্যাকের একজন কর্মকর্তা এবং বরিশালের কাউনিয়া থানার লাকুটিয়া এলাকার মৌজে আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকালে ঢাকা থেকে বাউফলগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই চালকই মহাসড়কে ছিটকে পড়ে মারাত্মক আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৈকতকে মৃত ঘোষণা করেন।
আহত আলাউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম সোহেল রানা জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত তরুণের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।