1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে বডি স্প্রের ঝাঁঝালো গন্ধে অসুস্থ ১৪ শিক্ষার্থী - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

বাকেরগঞ্জে বডি স্প্রের ঝাঁঝালো গন্ধে অসুস্থ ১৪ শিক্ষার্থী

  • আপডেট সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ‘বডি স্প্রে’ ব্যবহারের পর এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তীব্র ঝাঁঝালো গন্ধ ও শ্বাসকষ্টে একে একে ১৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে তিনজনের অবস্থার অবনতি হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হান্নান মিয়া জানান, দুপুরে নবম শ্রেণির একটি কক্ষে ক্লাস চলছিল, যেখানে মোট ৫৩ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। এ সময় এক শিক্ষার্থীর ব্যাগে থাকা ‘ওয়াইল্ড স্টোন’ ব্র্যান্ডের একটি বডি স্প্রে বের করে কয়েকজন শিক্ষার্থী নিজেদের শরীরে ব্যবহার করে।

স্প্রে করার কিছুক্ষণের মধ্যেই ক্লাসরুমের ভেতর তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে এবং প্রথমে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এরপর চোখের পলকে একে একে আরও ১৩ জন শিক্ষার্থী তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করতে শুরু করে। শ্রেণিকক্ষে একযোগে এত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় তাৎক্ষণিকভাবে পুরো বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষ দ্রুত সবাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

চিকিৎসকদের প্রাথমিক ধারণা, আবদ্ধ ও অল্প জায়গার মধ্যে অতিরিক্ত ঝাঁঝালো বডি স্প্রে ব্যবহারের কারণে অক্সিজেনের সাময়িক ঘাটতি থেকে এমনটা হতে পারে। তবে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুজিত চন্দ্র ঢালি ঘটনার পেছনে একটি ভিন্ন কোণও তুলে ধরেছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মূলত শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে হাসপাতালে আনা হয়। তবে একই বডি স্প্রে ব্যবহারের পর একসঙ্গে এতজন শিক্ষার্থীর অসুস্থ হওয়াটা স্বাভাবিক নয়। এর পেছনে একটি মানসিক বা ‘সাইকোলজিক্যাল’ প্রভাব (Mass Psychogenic Illness) থাকতে পারে, যেখানে একজনকে অসুস্থ হতে দেখে বাকিরা আতঙ্কে নিজেরাই অসুস্থ বোধ করা শুরু করে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছি।

প্রধান শিক্ষক জানিয়েছেন, হাসপাতালে ভর্তি হওয়া সমস্ত শিক্ষার্থীই এখন আশঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা শেষে ইতোমধ্যে দুজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত বিদ্যালয় পরিদর্শন করেছে পুলিশ। বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, শ্রেণিকক্ষে বডি স্প্রে ব্যবহারের পর একযোগে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনাটি রহস্যজনক। এর পেছনে অন্য কোনো কারণ বা পণ্যের কোনো ত্রুটি আছে কিনা, তা উদঘাটনে আমরা তদন্ত শুরু করেছি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network