নিজস্ব প্রতিবেদক : ৭০ বছর বয়সের বৃদ্ধা শাশুড়িকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার মেয়ের জামাতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর গ্রামে। ভুক্তভোগী বৃদ্ধাকে প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত পরীক্ষা-নিরীক্ষা ও ফরেনসিক টেস্টের জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। ভুক্তভোগী ওই বৃদ্ধা অভিযোগ করেন, শনিবার (১১ জুলাই) দিবাগত গভীর রাতে তিনি নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার মেয়ের জামাতা আজিম চৌকিদার ঘরে প্রবেশ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। তিনি বাঁধা দেওয়ার চেষ্টা করলে তাকে মারধর করা হয়।
অভিযুক্তের স্ত্রী রেকসোনা বেগম জানান, ঘটনার সময় তিনি শ্বশুর বাড়িতে ছিলেন। অভিযোগ করে তিনি বলেন, তার স্বামী দীর্ঘদিন থেকে মাদকাসক্ত এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িয়ে পরেছেন। তিনি আরও বলেন, প্রায় দুই বছর আগে আজিম তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে স্থানীয়দের উদ্যোগে তাদের বিয়ে দেওয়া হয়।
রেকসোনা বেগম আরো জানান, তার আগের সংসারের আট বছর বয়সের কন্যা সন্তানকেও আজিম বিভিন্ন সময় যৌণ হয়রানি ও ধর্ষণের চেষ্টা করে। ছেলের এমন জঘন্য কর্মকান্ডে তীব্র ক্ষোভ প্রকাশ করে খোঁদ অভিযুক্ত আজিমের মা নাজমা বেগম বলেন, আমার ছেলে মাদকাসক্ত এবং প্রায়ই পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালায়। অতীতেও একটি শিশুকে ধর্ষণের মামলায় সে জেল খেটেছে। আমি আমার ছেলের কঠোর আইনগত শাস্তি দাবি করছি।
খোঁজ নিয়ে জানা গেছে, ১১ জুলাই রাতের ঘটনার পর থেকেই অভিযুক্ত আজিম চৌকিদার (৩৫) আত্মগোপন করেছে। বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আবু বকর সিদ্দিক জানান, হাসপাতালের দুইজন নারী চিকিৎসক ভুক্তভোগী বৃদ্ধাকে পরীক্ষা করেছেন। প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত এবং শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরবর্তীতে উন্নত চিকিৎসা ও ফরেনসিক পরীক্ষার জন্য তাকে বরিশালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হয়েছে এবং বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। বাকেরগঞ্জ থানার ওসি মো. আদিল হোসেন জানান, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছে। পাশাপাশি অভিযুক্ত আজিম চৌকিদারকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।