নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়া থানায় হামলা, ভাঙচুর এবং পুলিশ সদস্যদের ওপর হামলা মামলায় আরও দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এজাহারভুক্ত আসামি শাহাদাৎ হোসেন রানাকে মঙ্গলবার (১৫ জুলাই) রাতে ঢাকার হাজারীবাগ থেকে ডিবি পুলিশ গ্রেফতার করে। এ ছাড়া একইদিন উপজেলার ফুল্লশ্রী গ্রামের নিজ বাড়ি থেকে সৃজন নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করে।
তাদের সবার বাড়ি বরিশালের আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী এলাকায়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ঢাকার হাজারীবাগে অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) একজনকে গ্রেফতার করে। পরে আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদের নেতৃত্বে একটি পুলিশের দল তাদের ডিবির হেফাজত থেকে গ্রহণ করে আগৈলঝাড়া থানায় নিয়ে যায়। আরও এক আসামিকে ফুল্লশ্রী গ্রাম থেকে পুলিশ গ্রেফতার করে। পরে বুধবার দুপুরে গ্রেফতার দুই আসামিকে বরিশালের বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, ডিবি পুলিশের সহযোগিতায় মামলার এক আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করে আগৈলঝাড়ায় আনা হয়েছে। আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত এই মামলায় এজাহারভুক্ত ২৭ আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’