নিজস্ব প্রতিবেদক : বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম বাগধা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক যুতি ও তার মাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী রেশমা আক্তার আগৈলঝাড়া থানায় একটি জিডি করেছেন।
রেশমা আক্তার উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তাদের পরিবারের সঙ্গে তার চাচা সিরাজ খলিফা ও চাচি সুফিয়া বেগমের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে।
স্থানীয় সূত্রে জানাগেছে , ৩১ জুলাই শুক্রবার দুপুরে পশ্চিম বাগধা এলাকায় তাদের বসতঘরের সামনে রেশমা আক্তারের মা আনোয়ারা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে শারীরিকভাবে মারধর করা হয়। মায়ের চিৎকার শুনে রেশমা আক্তার এগিয়ে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোর রয়েছে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত মা-মেয়েকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা চিকিৎসা গ্রহণ করেন। অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা ভবিষ্যতে তাদের ও পরিবারের সদস্যদের প্রাণনাশসহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির হুমকি দিয়েছেন। এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেও কোনো সমাধান না হওয়ায় এবং ভবিষ্যৎ নিরাপত্তার কথা বিবেচনা করে রেশমা আক্তার আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
আগৈলঝাড়া থানা সূত্রে জানা যায়, জিডিটি গ্রহণ করে বিষয়টি তদন্তের জন্য এসআই (নিরস্ত্র) মো. মিরাজুল ইসলামের কাছে প্রেরণ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান সাংবাদিকদের জানান, সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।