1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পুতিনকে ‘বন্ধু’ বলায় ট্রাম্পের সমালোচনা জেলেনস্কির - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

পুতিনকে ‘বন্ধু’ বলায় ট্রাম্পের সমালোচনা জেলেনস্কির

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: যুক্তরাষ্ট্রের প্রতি গভীর হতাশা প্রকাশ করে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, গুরুত্বপূর্ণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহে ওয়াশিংটনের বিলম্বের কারণে ইউক্রেইনে বেসামরিক মানুষের প্রাণহানি বাড়ছে। একই সঙ্গে শান্তি আলোচনায় রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র যথেষ্ট চাপ সৃষ্টি করছে না বলেও মন্তব্য করেছেন তিনি।

কিইভে নিজ কার্যালয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জেলেনস্কি এসব কথা বলেন।

সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের কঠোর সমালোচনা করেন জেলেনস্কি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জড়িয়ে ধরে ‘আমার বন্ধু’ ক্যাপশন দিয়ে ট্রাম্পের পোস্ট করা ছবিটিকে ‘অদ্ভুত’ আখ্যা দিয়ে ইউক্রেইনের প্রেসিডেন্ট বলেন, “অবশ্যই এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নিজস্ব বিষয়, তবে এটি অত্যন্ত অদ্ভুত।”

পুতিনকে একজন ‘আগ্রাসী ও খুনি’ হিসেবে অভিহিত করে জেলেনস্কি বলেন, “সে কখনোই বন্ধু হতে পারে না। কোনোভাবেই হতে পারে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারকে বন্ধু বলার মতোই অস্বাভাবিক হলো পুতিনকে বন্ধু হিসেবে উপস্থাপন করা।”

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে তিক্ত অভিজ্ঞতার পর থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক অবস্থান নিয়েছেন জেলেনস্কি। তাঁর ধারণা, চলমান শান্তি আলোচনায় ট্রাম্পের দুই দূত কিইভের চেয়ে মস্কোর অবস্থানের প্রতিই বেশি নমনীয়তা দেখাচ্ছেন।

চলতি মাসের শুরুতে আবুধাবিতে অনুষ্ঠিত শান্তি আলোচনার সর্বশেষ দফায় দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। আগামী ডিসেম্বরে পুনরায় আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন জেলেনস্কি।

এদিকে, বৃহস্পতিবার নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ডনাল্ড ট্রাম্প লিখেছেন, গত সপ্তাহে চীনে পুতিনের সঙ্গে বৈঠকে তিনি ইউরোপজুড়ে সামরিক আগ্রাসন বন্ধ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন এবং ইউক্রেইনের সঙ্গে শান্তি চুক্তির ‘জোরালো সম্ভাবনা’ রয়েছে। তবে প্রকাশ্য বিবৃতিতে রাশিয়া এখনো তাদের আগের কঠোর অবস্থানেই অনড় রয়েছে। মার্কিন দূতরা নতুন আলোচনার কথা বললেও সেখানে ইউরোপীয় প্রতিনিধিরা থাকবেন কি না, তা এখনো স্পষ্ট নয় বলে জানান জেলেনস্কি।

রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে পারে এমন ‘সত্যিকারের সহায়ক মিত্রদের’ এগিয়ে আসার আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, “আপনি যখন আগ্রাসীর সঙ্গে অতিরিক্ত নিরপেক্ষ থাকার চেষ্টা করেন, এর অর্থ দাঁড়ায় আপনি ভুক্তভোগীকে সমর্থন করছেন, আবার আগ্রাসীকেও সমর্থন করছেন। এটি মোটেও ঠিক নয়।”

ইউক্রেইনের সামরিক বাহিনী বর্তমানে রাশিয়ার দ্রুতগতির ড্রোনের প্রায় ৭০ শতাংশ ধ্বংস করতে সক্ষম বলে দাবি করেন জেলেনস্কি। তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর ইন্টারসেপ্টরের তীব্র সংকট চলছে এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্যাট্রিয়ট প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহেও বিলম্ব হচ্ছে। এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক যে যুক্তরাষ্ট্র পশ্চিম এশিয়ায় বেশি মনোযোগ দিয়েছে এবং তাদের বেশি সহায়তা করছে। এসব ক্ষেপণাস্ত্রের ঘাটতি মানেই আমাদের দেশের মানুষের প্রাণহানি।”

এ ছাড়া অধিকৃত ইউক্রেইনীয় অঞ্চলগুলোতে মার্কিন স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা স্টারলিংক এবং এর সামরিক সংস্করণ স্টারশিল্ডের ব্যবহার এখনো সীমিত রাখা হয়েছে বলে জানান তিনি। ইউক্রেইনের ড্রোন ইউনিটগুলো জানিয়েছে, যোগাযোগের সীমাবদ্ধতার কারণে তাদের ইন্টারসেপ্টর ড্রোনগুলো রাশিয়ার শাহেদ ড্রোনকে ধাওয়া করে ধরতে পারছে না, ফলে রুশ ড্রোনগুলো বাধা ছাড়াই দেশের অভ্যন্তরে ঢুকে পড়ছে। কার সিদ্ধান্তে এটি হচ্ছে—জানতে চাইলে জেলেনস্কি বলেন, “কারিগরিভাবে স্পেসএক্স, আর রাজনৈতিকভাবে কে দায়ী তা আমি সত্যিই জানি না। বিষয়টি অনেকটা পিং-পং খেলার মতো; এক পক্ষকে জিজ্ঞাসা করলে তারা অন্য পক্ষের কথা বলে।”

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার তেল শোধনাগার এবং অস্ত্র ও জ্বালানিবাহী জাহাজে দূরপাল্লার হামলা বাড়িয়েছে ইউক্রেইন। চলতি সপ্তাহে পূর্ব লিবিয়ায় নোঙর করা একটি রুশ যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার ঘটনায় বৃহস্পতিবার উদ্বেগ প্রকাশ করে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, এতে ভূমধ্যসাগরীয় অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।

তবে হামলার পক্ষে অবস্থান নিয়ে জেলেনস্কি রুশ যুদ্ধজাহাজ ‘মেরকুরি’-কে ‘সম্পূর্ণ ন্যায্য লক্ষ্যবস্তু’ বলে বর্ণনা করেন। এ ধরনের অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ স্বীকার করলেও মিত্রদের সঙ্গে সমন্বয় ছাড়া ইউক্রেইনীয় বাহিনী কখনোই হামলা চালায় না বলে দাবি করেন তিনি।

এদিকে, আসন্ন শীত মৌসুম ইউক্রেইনের জন্য অত্যন্ত কঠিন ও বিপজ্জনক হতে যাচ্ছে বলে সতর্ক করেছেন জেলেনস্কি। সম্প্রতি রাজধানী কিইভকে দুই ভাগে বিচ্ছিন্ন করার লক্ষ্যে নিপ্রো নদীর ওপর থাকা সেতুগুলোতে হামলা চালাচ্ছে রাশিয়া। বিদ্যুৎ বিভ্রাট ও অবকাঠামো ধ্বংসের কারণে কিইভের বড় একটি অংশ অন্ধকারে ডুবে আছে এবং পরিচালন ব্যয় অসহনীয় হয়ে ওঠায় অনেক ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। শীতের তীব্রতা বাড়ার আগেই অনেক বাসিন্দা শহর ছেড়েছেন।

তবে যেকোনো মূল্যে রাজধানী রক্ষা করার অঙ্গীকার ব্যক্ত করে জেলেনস্কি বলেন, “রাশিয়া চায় আমরা পালিয়ে যাই। সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ে যেতে পারেন, কিন্তু আমরা যেকোনো উপায়ে আমাদের রাজধানী রক্ষা করব। কারণ রাজধানী ছাড়া কোনো দেশের অস্তিত্ব থাকে না।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network