1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বিএনপি নেতাকে মারধর ঘিরে উত্তেজনা, বাড়িতে আগুন - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

বিএনপি নেতাকে মারধর ঘিরে উত্তেজনা, বাড়িতে আগুন

  • আপডেট সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মানিকগঞ্জের সিংগাইরে বিএনপি নেতাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। এ ঘটনার কয়েক ঘণ্টা পর এক আওয়ামী লীগ সমর্থকের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে বাড়ির আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে গেছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার শায়েস্তা ইউনিয়নের নীলটেক গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যক্তিগত বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে সাবেক উপজেলা বিএনপির কুটিরশিল্পবিষয়ক সম্পাদক ইউনুস গাজী এবং সাবেক ছাত্রলীগ নেতা শহিদুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। শহিদুল ৫ আগস্ট-পরবর্তী সময়ে একটি রাজনৈতিক নাশকতার মামলায় গ্রেফতার হয়ে কারাভোগ করেন।

ইউনুস গাজীর করা জিডির পরিপ্রেক্ষিতে প্রসিকিউশন মামলায়ও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এ ছাড়া গত ১৩ নভেম্বর সিংগাইর থানায় দায়ের করা একটি রাজনৈতিক মামলায় তিনি ২৭ নম্বর এজাহারভুক্ত আসামি। স্থানীয়দের দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে তার সাম্প্রতিক সক্রিয়তা নিয়েও এলাকায় আলোচনা রয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নীলটেক কবরস্থানের পাশে কথাকাটাকাটির একপর্যায়ে শহিদুল বিএনপি নেতা ইউনুস গাজীকে মারধর করেন বলে অভিযোগ ওঠে।

এ খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতাকর্মীরা শহিদুলের বাড়ি ঘেরাও করেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে সিংগাইর থানার এসআই মো. রেজাউল করিম ও এএসআই আব্দুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিকেল ৪টার দিকে স্লোগান দিয়ে একদল লোক শহিদুলের বাড়িতে হামলা চালিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে বাড়ির সব মালামাল পুড়ে যায়। তবে এলাকাবাসীর সহযোগিতায় আগুন পাশের বাড়িতে ছড়াতে পারেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি, অগ্নিসংযোগের ভিডিও ধারণকারী কয়েকজনের মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে সন্ধ্যায় পুলিশের মধ্যস্থতায় ভিডিও ও ছবি মুছে তাদের ফোন ফেরত দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা মুন্নাফ সিকদার বলেন, আসরের নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে তিনি ২০ থেকে ৩০ জনকে লাঠিসোঁটা হাতে দেখতে পান।

তারা ‘জিয়ার সৈনিক, এক হও’ স্লোগান দিচ্ছিলেন। তাদের বেশির ভাগ নীলটেক, লক্ষ্মীপুর ও কানাইনগর গ্রামের বাসিন্দা বলে তিনি দাবি করেন।

নীলটেক বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, অগ্নিসংযোগের পর বের হওয়া মিছিলে মহিদুর মেম্বার, আবু বক্কার ও তাদের অনুসারীদের দেখা গেছে।

শনিবার দুপুরে ক্ষতিগ্রস্ত বাড়িতে গিয়ে পরিবারের কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশী হোসেন আলীর স্ত্রী রেহেনা বেগম বলেন, এলাকাবাসীর সহযোগিতায় অল্পের জন্য তাদের বাড়িটি রক্ষা পেয়েছে।

বিএনপি নেতা ইউনুস গাজীর বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। স্থানীয় ইউপি সদস্য মহিদুর রহমান বলেন, শহিদুল বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং এলাকাটিকে ‘গোপালগঞ্জ’ বানানোর চেষ্টা করছেন।

তবে কারা বাড়িতে আগুন দিয়েছে, তা তিনি জানেন না বলে দাবি করেন। বিএনপি নেতাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ঘটনার পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। রাতে জেলা পুলিশ সুপার সারোয়ার আলম স্থানীয় বিএনপি নেতাদের নিয়ে থানায় মতবিনিময় সভা করেন। তিনি পরিস্থিতি স্বাভাবিক রাখা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ব্যক্তিগত রেষারেষি থেকে বিষয়টি এখন রাজনৈতিক দ্বন্দ্বে রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেননি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network