নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই মশাল মিছিল করেছেন। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরে এ মিছিল বের করা হয়। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
জানা গেছে, আগামী ২৯ ও ৩০ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ দলটির ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রায় তিন শতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিলটি আলিয়া মাদ্রাসা সড়ক থেকে শুরু হয়ে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে দিয়ে বালিকা উচ্চবিদ্যালয় সড়কে গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন। মিছিল চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। মিছিলটি পুলিশের সামনে দিয়ে গেলেও শুরুতে বাধা দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
তবে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা শহরে মশাল মিছিল বের করে পুলিশের মুখোমুখি হন। পরে পুলিশ তাৎক্ষণিকভাবে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। নাশকতা প্রতিরোধে পুলিশ প্রশাসন মাঠে রয়েছে বলেও জানান তিনি।