নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দেশের নৃত্যশিল্পীদের মেধা বিকাশ, শাস্ত্রীয় ও সমকালীন নৃত্যচর্চার প্রসার এবং নৃত্যাঙ্গনে বিশেষ অবদান রাখা বরেণ্য ব্যক্তিত্বদের সম্মানিত করতে আয়োজিত হতে যাচ্ছে ‘ধ্রুবতারা জাতীয় নৃত্য প্রতিযোগিতা ও গুণীজন সম্মাননা ২০২৬’। নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে এবং চক অ্যান্ড ডাস্টারের (ক্রিয়েটিভ স্টুডিও) ইভেন্ট ব্যবস্থাপনায় আগামী ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর তিন দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে।
সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত রূপরেখা, প্রতিযোগিতার কাঠামো এবং সম্মাননা প্রদান প্রক্রিয়া তুলে ধরেন আয়োজকেরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, উৎসবের প্রথম দুই দিন (২৫ ও ২৬ ডিসেম্বর) চলবে অডিশন ও জাতীয় পর্যায়ের নৃত্য প্রতিযোগিতা এবং ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে গ্র্যান্ড সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবারের আয়োজনে পাঁচটি বিশেষ সম্মাননা ও পদক প্রদান করা হবে। এর মধ্যে ‘আজীবন সম্মাননা ২০২৬’ পাচ্ছেন বিশিষ্ট নৃত্যব্যক্তিত্ব আমানুল হক, ‘নৃত্যাচার্য বুলবুল চৌধুরী পদক ২০২৬’ (জ্যেষ্ঠ নৃত্যশিল্পী ক্যাটাগরি) পাচ্ছেন কাজল ইব্রাহিম, ‘লোকনৃত্য সম্রাট জি. এ. মান্নান পদক ২০২৬’ (মধ্যম পর্যায়ের নৃত্যশিল্পী ক্যাটাগরি) পাচ্ছেন রাজবাড়ীর নৃত্যশিল্পী ও পরিচালক আবদুস সাত্তার (কালু), ‘নৃত্য প্রভাকর গহর জামিল পদক ২০২৬’ (উদীয়মান নৃত্যশিল্পী ক্যাটাগরি) পাচ্ছেন হাসান ইশতিয়াক ইমরান এবং ‘আন্তর্জাতিক সম্মাননা ২০২৬’ পাচ্ছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কপ্রবাসী নৃত্যশিল্পী অ্যানি ফেরদৌসী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সারা দেশের সব জেলার উদীয়মান ও প্রতিভাবান নৃত্যশিল্পীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পাঁচ বছর বয়স থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক বা তদূর্ধ্ব প্রতিযোগীরা তিনটি বয়স গ্রুপে এবং একক, দ্বৈত, দলীয় ও প্রোডাকশন—এই চারটি বিভাগে শাস্ত্রীয়, লোক, সমকালীন ও সৃজনশীল নৃত্যের বিভিন্ন শাখায় অংশ নিতে পারবেন। দেশের প্রথিতযশা নৃত্যগুরু ও শিল্পীদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড প্রতিযোগীদের পারফরম্যান্স মূল্যায়ন করবেন এবং প্রতিটি বিভাগে একজন করে তারকা বিচারক যুক্ত থাকবেন।
আগ্রহী প্রতিযোগীরা মুঠোফোন থেকেই ডিজিটাল ফর্মের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। একক নৃত্যের নিবন্ধন ফি ৬০০ টাকা, দ্বৈত নৃত্যের ১ হাজার টাকা এবং দলীয় ও প্রোডাকশন নৃত্যের ফি ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিযোগিতার বিজয়ীদের জন্য থাকছে চ্যাম্পিয়নস ট্রফি, ক্রেস্ট, মানপত্র, সার্টিফিকেট, উত্তরীয় ও নগদ অর্থ পুরস্কার।
আয়োজকেরা বলেন, নৃত্য কেবল শারীরিক মুদ্রা বা ছন্দ নয়, এটি আমাদের সংস্কৃতি, ইতিহাস ও আত্মপরিচয়ের বহিঃপ্রকাশ। ‘ধ্রুবতারা ২০২৬’-এর মাধ্যমে নতুন প্রজন্মের নৃত্যশিল্পীদের একটি জাতীয় মঞ্চ দেওয়ার পাশাপাশি অগ্রজ গুণীজনদের কাছ থেকে অনুপ্রেরণা গ্রহণের সুযোগ তৈরি করা হচ্ছে।
প্রতিযোগিতার নিবন্ধন প্রক্রিয়া, অডিশন ও মূল পর্বের সময়সূচি এবং ভেন্যুসংক্রান্ত বিস্তারিত তথ্য শিগগিরই নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে জানানো হবে।