1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
থাইল্যান্ডে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

থাইল্যান্ডে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ ও আগুন

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি তেল শোধনাগার ও সংরক্ষণাগারে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত নয়জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে স্থাপনাটির আশপাশের বাসিন্দাদের সাময়িকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ব্যাংককের পূর্বাঞ্চলে অবস্থিত শোধনাগারটিতে আগুন ছড়িয়ে পড়ার পর আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও ধোঁয়ার দৃশ্য উঠে এসেছে।

ব্যাংককের ইরাওয়ান মেডিকেল সেন্টার জানিয়েছে, আহতদের অধিকাংশই দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠিয়ে দুর্ঘটনাস্থল এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়। তবে এক ঘণ্টা পূর্ণ হওয়ার আগেই নগর কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আসার খবর জানায়।

আগুন নিয়ন্ত্রণে আসার পর আশপাশের বাসিন্দাদের বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়। তবে শোধনাগারটির পাঁচ কিলোমিটারের মধ্যে বসবাসকারীদের সম্ভাব্য বায়ুদূষণ নিয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

শোধনাগারটির মালিক প্রতিষ্ঠান ব্যাংচাক করপোরেশন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে স্থাপনাটির সব ধরনের উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

থাইল্যান্ডের জ্বালানিমন্ত্রী আকানাত প্রমফানের প্রাথমিক ধারণা, শোধনাগারের একটি ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ইউনিটটি তেল সংরক্ষণাগার থেকে প্রায় ১০০ মিটার দূরে অবস্থিত। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ভবিষ্যতে নতুন কোনো ঝুঁকি আছে কি না, তা যাচাই করার কথাও জানিয়েছেন তিনি।

জ্বালানিমন্ত্রী বলেন, ‘তেল সংরক্ষণাগারটি শতভাগ নিরাপদ— এ বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা তাদের উৎপাদন কার্যক্রম পুনরায় শুরুর অনুমতি দেব না।’

তবে দুর্ঘটনার কারণে দেশের জ্বালানি সরবরাহে সংকট তৈরির আশঙ্কা নাকচ করেছেন আকানাত। তিনি জানান, থাইল্যান্ডে আরও পাঁচটি তেল শোধনাগার রয়েছে। তা ছাড়া দুর্ঘটনাকবলিত স্থাপনাটি দেশের বৃহত্তম শোধনাগারগুলোর তালিকায় নেই।

প্রতিদিন ১ লাখ ২০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে শোধনাগারটির। আয়তনের দিক থেকে এটি থাইল্যান্ডের পঞ্চম বৃহত্তম এবং দেশটির নগরাঞ্চলে অবস্থিত একমাত্র তেল শোধনাগার।

এর আগে ২০১২ সালের জুলাই মাসেও একই স্থাপনায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। ওই দুর্ঘটনায় আশপাশের আবাসিক এলাকার ক্ষয়ক্ষতি হয়। শোধনাগারটির মেরামতকাজ শেষ করতে তখন প্রায় দুই সপ্তাহ সময় লেগেছিল।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network