1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
রেলপথে নাশকতার টার্গেট আ.লীগের - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন

রেলপথে নাশকতার টার্গেট আ.লীগের

  • আপডেট সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দেশে হরতাল, অবরোধ কিংবা যে কোনো রাজনৈতিক অস্থিরতায় নাশকতার সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হয় রেলপথ, ট্রেন ও রেলস্টেশন। খোলা ও বিস্তৃত নেটওয়ার্কের কারণে দুর্বৃত্তদের জন্য রেল অবকাঠামোয় হামলা চালানো তুলনামূলক সহজ। আগামীকাল ও পরশু দিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার সম্ভাব্য কর্মসূচিকে কেন্দ্র করে আবারও রেলপথে বড় ধরনের নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য এই ঝুঁকি মোকাবিলায় রেলপথ, ট্রেন ও স্টেশনে নিরাপত্তা জোরদারে বিশেষ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে ও পুলিশ প্রশাসন।

নাশকতা প্রতিরোধে বৃহস্পতিবার রেল মন্ত্রণালয়ে রেলমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় রেলপথ, ট্রেন ও রেলস্টেশনের নিরাপত্তায় অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, ডিসেম্বর মাসজুড়ে রেলপথ ও স্টেশনগুলোর নিরাপত্তায় আড়াই হাজার আনসার সদস্য মোতায়েন করা হবে। এর মধ্যে অস্ত্রসহ ৫০০ ব্যাটালিয়ন আনসার এবং লাঠিসহ দুই হাজার অঙ্গীভূত আনসার সদস্য থাকবেন।

সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাটালিয়ন আনসার সদস্যরা রেলওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে অঙ্গীভূত আনসার সদস্যরা কাজ করবেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সঙ্গে সমন্বয় করে। বড় রেলস্টেশনগুলোয় রেলওয়ে পুলিশের পাশাপাশি অস্ত্রধারী ব্যাটালিয়ন আনসার মোতায়েন থাকবে। ছোট স্টেশনগুলোর নিরাপত্তার দায়িত্ব পালন করবেন অঙ্গীভূত আনসার সদস্যরা।

এ ছাড়া নাশকতার ঝুঁকিতে থাকা রেলপথের বিভিন্ন পয়েন্টে লাঠি ও বাঁশি হাতে নজরদারি করবেন আনসার সদস্যরা। এ কাজে স্থানীয় বাসিন্দাদেরও সহায়তা নেওয়া হবে।

রেলওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজি (ভারপ্রাপ্ত) ব্যারিস্টার জিল্লুর রহমান বলেন, রেলপথ, ট্রেন ও রেলস্টেশনের নিরাপত্তায় রেলওয়ে পুলিশ সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশের সক্ষমতা বাড়াতে সারাদেশের রেলপথে বিপুলসংখ্যক আনসার সদস্য মোতায়েন থাকবেন বলেও জানান তিনি।

রেলওয়ে সূত্র জানায়, গত ১ অক্টোবর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে রেলপথে অগ্নিসংযোগ, রেলস্টেশনে পেট্রলবোমা নিক্ষেপ, ট্রেনে আগুন, রেলকোচের আসনে অগ্নিসংযোগ এবং স্টেশনে ককটেল বিস্ফোরণসহ ১৭টি ঘটনা ঘটেছে। এসব ঘটনার কয়েকটি নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে ঘটেছে। অন্যগুলো যান্ত্রিক ত্রুটি কিংবা অসতর্কতার ফল। সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে নভেম্বর মাসে। ধারাবাহিক এসব ঘটনায় ট্রেনযাত্রীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে রেলপথে রাতের বেলা টহল জোরদার করা হয়েছে। কোথাও কোনো ঘটনা ঘটলে দ্রুত তথ্য পাওয়ার এবং প্রয়োজন অনুযায়ী ট্রেন চলাচল বন্ধ রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে রেলস্টেশন, ওয়ার্কশপ এলাকা, ট্রেন ধোয়ামোছার স্থানসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে রেলপথে নাশকতার আশঙ্কায় যাত্রী ও রেলসম্পদের সুরক্ষায় একগুচ্ছ বিশেষ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ রেলওয়ে। বৃহস্পতিবার রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) দপ্তর থেকে ঢাকা বিভাগের সব বিভাগীয় কর্মকর্তা ও স্টেশন মাস্টারদের কাছে এসব নির্দেশনা পাঠানো হয়।

নির্দেশনায় প্রতিটি সেকশনে রেললাইন নিরাপদ রাখার পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় রাতে ট্র্যাক পেট্রোলিংয়ের ব্যবস্থা করতে বলা হয়েছে। গুরুত্বপূর্ণ সেতু ও কালভার্ট এলাকায় বিশেষ পাহারা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রেললাইনে সন্দেহজনক বস্তু, কাটিং, ফিশপ্লেট খুলে নেওয়া কিংবা ট্র্যাক বিকৃতির বিষয় নজরে এলে দ্রুত কন্ট্রোল অফিসসহ সংশ্লিষ্টদের জানাতে বলা হয়েছে।

লোকোশেড, ক্যারেজশপ, ডিজেলশপ, ওয়ার্কশপ ও জ্বালানি সংরক্ষণাগারেও নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। এসব স্থাপনায় প্রবেশ ও বহির্গমন পথ সীমিত করে প্রবেশকারীদের পরিচয় যাচাই, সিসিটিভি পর্যবেক্ষণ এবং নিরাপত্তারক্ষীদের রেজিস্টার নিয়মিত পরীক্ষা করতে বলা হয়েছে। জ্বালানিবাহী ট্রেন চলাচল এবং জ্বালানি উঠানো-নামানোর কাজেও বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।

স্টেশন ও ইয়ার্ডে রাখা কোচ এবং ইঞ্জিনের নিরাপত্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও পাহারা নিশ্চিত করার নির্দেশনা রয়েছে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু চোখে পড়লে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী বিভাগীয় ও জোনাল কন্ট্রোলে জরুরি দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের প্রস্তুত থাকতে হবে। বিভাগীয় কন্ট্রোলে প্রকৌশল বিভাগের কর্মীদের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি গেটকিপারসহ সংশ্লিষ্ট কর্মচারীদের দায়িত্ব পালনে সতর্ক থাকতে বলা হয়েছে। রাতের বেলায় অপ্রয়োজনীয় কর্মচারীদের ইয়ার্ডে প্রবেশ নিষিদ্ধ এবং সিগন্যাল ও কেবিন রুমে অপরিচিত ব্যক্তিদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিদিন কেবিনের তালা, টেলিফোন, বিভিন্ন যন্ত্রপাতি ও সিগন্যাল প্যানেল পরীক্ষা করতে বলা হয়েছে। স্টেশন এলাকায় পর্যাপ্ত আলোকসজ্জা এবং সিসিটিভি ক্যামেরা সচল রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া রেলওয়ে পুলিশ ও আরএনবিকে যৌথভাবে নির্ধারিত টহলসূচি অনুযায়ী স্টেশন, ইয়ার্ড ও প্ল্যাটফর্ম পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। টিকিট কাউন্টার, লাগেজ রুম ও অপেক্ষাকক্ষে সন্দেহজনক ব্যাগ কিংবা ব্যক্তির বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। নাশকতা, চুরি বা ভাঙচুরের আশঙ্কা দেখা দিলে দ্রুত কন্ট্রোল অফিস, রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে অবহিত করতে হবে।

সব ট্রেন, স্টেশন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিনির্বাপণের প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি বন্ধ স্টেশনের পয়েন্টগুলোর নিরাপত্তা বজায় রাখার নির্দেশনা রয়েছে। ইঞ্জিন ও পাওয়ার কারে অবৈধ অনুপ্রবেশ ঠেকানো, প্ল্যাটফর্ম ও ইয়ার্ডে হকার, ভিক্ষুক ও ভবঘুরেদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং এমটি রেক ওয়াশপিটে নেওয়া ও সেখান থেকে বের করার সময় বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতেও বলা হয়েছে।

রেলওয়ে সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে রেলপথে নাশকতার ঝুঁকি মোকাবিলায় শুধু স্টেশন নয়, রেললাইন থেকে শুরু করে সেতু, কালভার্ট, ইঞ্জিন, কোচ, ওয়ার্কশপ ও জ্বালানি স্থাপনাগুলোকেও নিরাপত্তার আওতায় আনা হয়েছে। যাত্রীদের নিরাপদ যাতায়াত এবং রেল চলাচল স্বাভাবিক রাখাই এসব উদ্যোগের মূল লক্ষ্য।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network