নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনে গণঅধিকার পরিষদ মনোনীত তিনজন প্রার্থীকে ‘ট্রাক’ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে তিনজন প্রার্থী জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
প্রতীক বরাদ্দ পাওয়া প্রার্থীরা হলেন, বরিশাল-২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনে গণঅধিকার পরিষদ উজিরপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রঞ্জিত কুমার বাড়ৈ। বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদী) আসনে গণঅধিকার পরিষদ বরিশাল জেলা শাখার সহ-সভাপতি মো. ফারদিন ইয়ামিন এবং বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সালাউদ্দিন মিয়া সানু।
প্রতীক বরাদ্দের পর এক প্রতিক্রিয়ায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া সম্পাদক এবং নির্বাচন পরিচালনা উপ-কমিটির সদস্য মো. ইলিয়াস মিয়া বলেন, গণঅধিকার পরিষদ একটি তারুণ্যনির্ভর রাজনৈতিক সংগঠন। ট্রাক প্রতীক সাধারণ মানুষের পরিশ্রম, সংগ্রাম ও এগিয়ে চলার প্রতীক। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে আমরা কাঙ্খিত ফলাফল অর্জন করতে পারবো।
গণঅধিকার পরিষদের বরিশাল জেলা শাখার সভাপতি মো. শামীম রেজা বলেন, ডাকসুর সাবেক ভিপি ও আমাদের দলের সভাপতি নুরুল হক নূরের আদর্শে অনুপ্রাণিত হয়ে বরিশালের তরুণ সমাজ গণঅধিকার পরিষদের পাশে দাঁড়িয়েছে। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।