নিজস্ব প্রতিবেদক : প্রাইম ব্যাংকের সহযোগিতায় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, বরিশাল জেলা শাখার উদ্যোগে দুই শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় সংস্থার নিজস্ব কার্যালয়, কাশিপুর সংলগ্ন বিসিসি, বরিশালে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। শীতের তীব্রতা মোকাবিলায় দৃষ্টি প্রতিবন্ধী জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শিক্ষক মোঃ মিজানুর রহমান বাদশার সঞ্চালনায় বক্তব্য রাখেন, এনামুল কবির, অবসরপ্রাপ্ত শিক্ষক, সরকারি দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়, বরিশাল, সাইফুল আলম বাচ্চু, অবসরপ্রাপ্ত শিক্ষক, বেগম তফফাজল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ এবং জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মহাসচিব ও বরিশাল জেলা শাখার সভাপতি মোঃ আইয়ুব আলী হাওলাদার।
মোঃ আইয়ুব আলী হাওলাদার তাঁর বক্তব্যে বলেন, দৃষ্টি প্রতিবন্ধীরা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের জীবনমান উন্নয়নে সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। প্রাইম ব্যাংকের এই সহযোগিতা মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা, বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম। তিনি বলেন, দৃষ্টি প্রতিবন্ধী জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম নিয়মিত হওয়া প্রয়োজন।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধী উপকারভোগীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।