নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাবার মৃত্যুর শোক সইতে না পেরে মাত্র পাঁচদিনের মধ্যে মৃত্যুবরণ করেছেন বড় ছেলে জেমস তালুকদার (২৬)।
হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে বুধবার (২৮ অক্টোবর) বিকেল তিনটার দিকে বরিশালের গৌরনদীর পশ্চিম চন্দ্রহার গ্রামে। খ্রিস্টান সম্প্রদায়ের জেমস তালুকদার ওই গ্রামের প্রভুদান তালুকদারের ছেলে। তিনি পানবরজে দিনমজুরের কাজ করতেন।
মৃতের চাচাতো ভাই রেমন তালুকদার জানিয়েছেন, গত ২৩ অক্টোবর তার চাচা প্রভুদান তালুকদার (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে পরিবারের সদস্যরা ২৪ অক্টোবর লাশ বাড়িতে নিয়ে আসেন এবং পরের দিন দাফন করা হয়। বাবার মৃত্যুর পর অনেকটা মানসিকভাবে ভেঙে পড়েন তার বড় ছেলে জেমস তালুকদার।
অবশেষে বাবার মৃত্যুর শোক সইতে না পেরে বুধবার বিকেল তিনটার দিকে নিজ বাড়িতে অসুস্থ হয়ে জেমসের মৃত্যু হয়। রেমন তালুকদার আরও জানিয়েছেন, বাবা-ছেলের এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে বাটাজোর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হোসেন বেপারী জানিয়েছেন, ঘটনাটি হৃদয়বিদারক। আমরা এলাকাবাসী পরিবারটির পাশে রয়েছি।