ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে পিরোজপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজ।
এছাড়া একই শিক্ষা প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের মেধাবী শিক্ষার্থী তাজরী মনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন।
সোমবার (১২ জানুয়ারি) জেলা পর্যায়ের চূড়ান্ত যাচাই-বাছাই শেষে পিরোজপুর জেলার ৭টি উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্বের এই ফলাফল ঘোষণা করা হয়।
ভান্ডারিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, গত বছরের ১১ ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রশিক্ষণ শাখার সহকারী পরিচালক ড. জাহিদা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপনের নীতিমালা প্রণয়ন করা হয়। সেই নীতিমালা অনুযায়ী, চলতি মাসের ৪ জানুয়ারি উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়, যা আগামী ২০ জানুয়ারি জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার মাধ্যমে সমাপ্ত হবে।
শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে ১৬টি এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে ১২টি বিশেষ মানদ- অনুসরণ করে জেলা পর্যায়ের
বিচারক ম-লী এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন।
এর আগে গত ৮ জানুয়ারি উপজেলা পর্যায়ে ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা কলেজ এবং শিক্ষার্থী তাজরী মনি শ্রেষ্ঠত্বের প্রথম ধাপ অতিক্রম করেন। এরপর সোমবার (১২ জানুয়ারি) জেলা পর্যায়ের চূড়ান্ত যাচাই বাছাইয়ে তারা পুনরায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়ে জেলার প্রতিনিধিত্ব করার সুযোগ পান।
কলেজের এই অনন্য সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. এনায়েত হোসেন খোকন। তিনি জানান, প্রতিষ্ঠান ও শিক্ষার্থীর এই অর্জন পুরো ভান্ডারিয়া উপজেলার জন্য গর্বের। তিনি আরও জানান, আগামী বুধবার (১৪ জানুয়ারি) তারা বরিশাল বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবেন।