বরগুনা প্রতিনিধি। বরগুনা জেলা প্রশাসককে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে এক যুবককে আটক করেছে বরগুনা থানা পুলিশ।
রোববার সকাল ১০ টায় বরগুনা জেলা প্রশাসক অফিস কার্যালয়ে এ ঘটনা ঘটে। হামলা করতে আসা ব্যক্তির হাতে থাকা দেশীয় অস্ত্রের সেলাই রেঞ্জের আঘাতে আহত হন জেলা প্রশাসক কার্যালয়ের গোপনীয় শাখার অফিস সহকারী জহিরুল ইসলাম। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ইব্রাহিম খলিল। তিনি বরগুনা সদর উপজেলার বাশবুনিয়া গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে।
জহিরুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টা থেকে এই লোকটা অফিসের সামনে ঘোরাঘুরি করছিল এবং বারবার জেলা প্রশাসকের কথা জানতে চাইছিল।
সকাল ১০ টায় অফিস খুললে, তখন সে আমাকে ধাক্কা দিয়ে অফিসের মধ্যে ঢুকে পড়ে। এরপরে দৌড়ে গিয়ে জেলা প্রশাসকের অফিস কক্ষে ঢুকে। পরবর্তীতে আমি তাকে জিজ্ঞাসা করলে তার কোমরে হাত দিয়ে দেখি একটি টিউবওয়েল খোলার রেঞ্জ। আমি সেটা তার কোমর থেকে নিতে গেলে, সে আমার হাত থেকে জোর করে ছিনিয়ে নিয়ে আমাকে আঘাত করে। পরে সকলের সহযোগিতায় তাকে ধরে ফেলি। এ ঘটনা পুলিশকে জানালে পুলিশ তাকে আটক করে।
বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস জানান, ঘটনার সাথে সাথে অভিযুক্ত ব্যক্তিকে পুলিশে দেয়া হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।