নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ-৩ আসনের সদর উপজেলার মোল্লাকান্দিতে নির্বাচনী প্রচারণা নিয়ে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের অন্তত ২ জন গুলিবিদ্ধ হয়েছে। শনিবার দুপুরে মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে এ হামলা-পাল্টা হামলার হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বেলা ১২টার দিকে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের সমর্থকরা মুন্সিকান্দি এলাকায় প্রচারণায় বের হন। এ সময় ধানের শীষ প্রতীকের সমর্থক ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওজির আলী এবং ইউনিয়ন বিএনপির সাবেক নেতা আওলাদ মোল্লার অনুসারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। মুহূর্তের মধ্যে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, এসময় ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মুন্সিকান্দি গ্রামের লিজন সরকার ও মনির হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির জানান, আধিপত্য বিস্তার নিয়ে ওই দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। নির্বাচনকে কেন্দ্র করে সেই বিরোধ পুনরায় মাথাচাড়া দেওয়ায় অপ্রীতিকর ঘটনান সূত্রপাত। দুই জন আহত হওয়ার খবর পুলিশ নিশ্চিত করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে এ ঘটনায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে আলুর জমির দিয়ে দৌড়াদৌড়ির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যেম ভাইরাল হয়েছে। পুলিশ জানায়, অপরাধীদের গ্রেফতারে অভিযান চলছে।