লালমোহন (ভোলা) প্রতিনিধি: আগামী ১২ ফেব্রুয়ারি হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে জয়ী করার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইসলামী আন্দোলনের পক্ষে যদি একটি ভোট বাড়ে তাহলে ইসলামের পক্ষেও একটি ভোট বাড়বে। ভোট হলো আমানত। সঠিকভাবে ভোট দেওয়া না হলে ভোট প্রদানের কারণে গুনাহর অংশ আমলনামায় জমা হয়। ভোটের মাধ্যমে দেশের পরিবর্তন আসে। মানুষের শান্তি ও অশান্তি আসে।
রোববার বিকেলে ভোলার লালমোহনের বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ভোলা-৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, এ দেশে পেছনে যত দল ক্ষমতায় এসেছে এবং সামনে যতদল আসবে কেউ ইসলাম অনুযায়ী দেশ চালাবে না। একমাত্র ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় আসে তাহলে ইসলাম অনুযায়ী দেশ পরিচালিত হবে। চোরের হাতকাটা ইসলামের বিধান। কিন্তু সকল চোরের নয়। যে চোর অভাবে চুরি করে তার হাত কাটা উচিত নয়। যে চোর স্বাভাবে চুরি করে তার হাত কেটে দিতে হবে।
ভোলা-৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি প্রার্থী হাফেজ মাওলানা মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে এ সময় বিশিষ্ট লেখক ও কলামিস্ট মাওলানা মুফতি হাবিবুর রহমান মেজবাহ (কুয়াকাটা), ভোলা-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হাফেজ মাওলানা মো. রাশেদুল ইসলামসহ দলটির উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।