বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিএনপি নেতা ও তরুণ সমাজসেবক মো. আরিফুর রহমান শিমুল সিকদারের গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রহমতপুর ব্রিজ স্টেশন এলাকা ও রহমতপুর বাজারে স্থানীয় ব্যবসায়ী, ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন শিমুল সিকদার। এ সময় তিনি নিজের নির্বাচনী ভাবনা ও বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরে লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে শিমুল সিকদার এলাকার সার্বিক উন্নয়ন, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান। তিনি বয়োজ্যেষ্ঠদের দোয়া এবং তরুণসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
নির্বাচনকে সামনে রেখে শিমুল সিকদার ও তাঁর কর্মী-সমর্থকেরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, হাট-বাজার ও গ্রামাঞ্চলে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় এবং লিফলেট বিতরণ করা হচ্ছে।
শিমুল সিকদারের সমর্থকদের দাবি, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন এবং দুর্যোগসহ বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এসব কর্মকাণ্ডের কারণে এলাকায় তাঁর একটি গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে বলেও তাঁরা মনে করেন।
লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জাসাসের সভাপতি মো. জসিম উদ্দিন, ওয়ার্ড বিএনপি নেতা মো. কাওসার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কর্মী-সমর্থকেরা।