নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর ডেফুলিয়া এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। নগরীর ২৭ নম্বর ওয়ার্ডসহ সর্বস্তরের বরিশালবাসীর ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বিএনপির নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
সমাবেশে বক্তারা ডেফুলিয়া মৌজায় একসময় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য নির্ধারিত জমি দখলমুক্ত করে সংরক্ষণের দাবি জানান। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকার সরকারি খাসজমির বিভিন্ন অংশ দখলের চেষ্টা চলছে।
প্রধান অতিথির বক্তব্যে বরিশাল মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরীন বলেন, ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বরিশাল নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের সোনামিয়ার পুল এলাকার ডেফুলিয়া মৌজায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং সেখানে একটি গাছ রোপণ করেছিলেন।
তিনি বলেন, পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়টি অন্যত্র প্রতিষ্ঠিত হওয়ায় ডেফুলিয়ায় নির্ধারিত জমি অব্যবহৃত পড়ে থাকে। তাদের অভিযোগ, এর সুযোগ নিয়ে প্রভাবশালী ব্যক্তিরা জমিটির বিভিন্ন অংশ দখলে নিয়েছেন। একই সঙ্গে সেখানে থাকা খালেদা জিয়ার ভিত্তিপ্রস্তরের স্মারকও ভেঙে ফেলার অভিযোগ করেন তিনি।
আফরোজা খানম নাসরীন বলেন, বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত স্থানটি সংরক্ষণ করতে হবে। জমি দখলের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জায়গাটি দখলমুক্ত করতে হবে।
এ জন্য সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি। প্রসঙ্গত, ডেফুলিয়া এলাকায় খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত স্থানটি নিয়ে সাম্প্রতিক সময়েও আলোচনা হয়েছে।
এর আগে ওই এলাকায় অনুমোদনবহির্ভূত সীমানাপ্রাচীর নির্মাণের চেষ্টা স্থানীয় বাসিন্দা ও সিটি করপোরেশনের কর্মকর্তাদের হস্তক্ষেপে বন্ধ হয়। এদিকে বরিশাল সিটি করপোরেশনও ওই এলাকায় খালেদা জিয়ার রোপণ করা নিমগাছ ও স্মারক ফলক সংরক্ষণ এবং স্থানটির সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নিয়েছে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে শিক্ষক মো. আলাউদ্দিন সিকদারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু, সদস্য সিরাজুল হক মৃধা, দুলাল গাজী, সাঈদ খোকন, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক টিপু নেগাবান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মৌজে আলী সিকদার, শাহে আলম, দুলাল কাজী, সরোয়ার হোসেন সিকদার, মামুন হোসেন, রেফাজুল ইসলাম, সাগর হোসেন, মোবারক আলী হাওলাদার, জসিম উদ্দিন, জিকু ইসলাম, মোহাম্মদ হাফিজ ও মোহাম্মদ আব্দুল্লাহসহ অনেকে।
সমাবেশ থেকে ডেফুলিয়া এলাকার জমির মালিকানা ও দখল পরিস্থিতি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণের দাবি জানানো হয়।