দানিসুর রহমান লিমন, বিশেষ প্রতিবেদক: বরিশালের বাকেরগঞ্জ পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল ইসলাম মাহির বিরুদ্ধে দেওয়া অব্যাহতির আদেশ প্রত্যাহার করেছে পৌর বিএনপি।
একই সঙ্গে তাকে স্বীয় পদে পুনর্বহাল করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি মো. নাসির উদ্দিন জোমাদ্দার এবং সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন তালুকদার শাহিন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, গত ৯ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা, নীতি-আদর্শ ও পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল ইসলাম মাহিরকে অব্যাহতি দেওয়া হয়েছিল।
পরবর্তীতে তার আবেদনের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে দলীয় নীতি-আদর্শ ও পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িত না থাকা এবং সাংগঠনিক সিদ্ধান্ত মেনে চলার অঙ্গীকারের ভিত্তিতে তার অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়।
চিঠিতে আরও জানানো হয়, এ সিদ্ধান্ত সোমবার (৯ নভেম্বর) থেকে কার্যকর হবে। অব্যাহতির আদেশ প্রত্যাহার করে পুনরায় স্বীয় পদে বহাল করায় পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রমে নতুন করে গতি ফিরবে বলে মনে করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।