নিজস্ব প্রতিবেদক: আগামী ১৩ জুলাই এক বর্ণাঢ্য সফরে বরিশাল আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র শীর্ষ নেতা তারেক রহমান।
সংশ্লিষ্ট মহলের মতে, এই সফরের মধ্য দিয়ে অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমে এক নতুন দিগন্তের উন্মোচন হতে যাচ্ছে। নেতৃত্বের শীর্ষ পদে আসার পর বরিশাল বিভাগে এটাই তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর, যা ঘিরে ইতিমধ্যেই স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় রাজনৈতিক ও সুশীল সমাজের ধারণা, এই সফরের মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত কিছু মেগা প্রকল্পের বাস্তবায়ন গতি পাবে। বিশেষ করে ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন মহাসড়ক, এই অঞ্চলের অর্থনৈতিক লাইফলাইন হিসেবে পরিচিত ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়কটি ৬ লেনে উন্নীতকরণের কাজ বেগবান হবে।
পায়রা বন্দর ও কুয়াকাটা সমুদ্রসৈকতকে সংযুক্ত করে রেললাইনের যে মহাপরিকল্পনা রয়েছে, তা এই সফরের মাধ্যমে নতুন আবহ তৈরি করবে।
উন্নয়ন বিশ্লেষকদের মতে, এই অবকাঠামোগত উন্নয়নগুলো সম্পন্ন হলে পর্যটন নগরী কুয়াকাটা এবং পায়রা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলে ব্যবসা-বাণিজ্যের এক বিশাল দ্বার খুলে যাবে।
সফরকালে তিনি বরিশাল জেলা, মহানগর এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় ও তৃণমূল নেতৃবৃন্দের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হবেন। আগামী দিনের রাজনৈতিক কৌশল নির্ধারণ এবং দলের সাংগঠনিক ভিত আরও মজবুত করতে এই সভা বিশেষ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।
কেবল রাজনৈতিক কর্মকাণ্ডই নয়, এই সফরে কিছু গুরুত্বপূর্ণ সামাজিক ও পরিবেশগত কর্মসূচিও অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ঐতিহাসিক জেল খাল সংস্কার। বরিশালের ঐতিহ্যবাহী ও পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ ‘জেল খাল’ পুনরুদ্ধার ও সংস্কার কাজের তদারকি। এবং বরিশালের ফুসফুস খ্যাত ঐতিহাসিক বেল্স পার্কের চারদিকে এক বিশাল বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।
এই সফরের সার্বিক প্রস্তুতি ও কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি’র বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। তিনি জানান, সফরটি সফল করতে ইতিমধ্যেই দলীয় কার্যালয়ে দফায় দফায় প্রস্তুতি সভা চলছে এবং পুরো বরিশালজুড়ে কঠোর নিরাপত্তাসহ সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
দলীয় নেতাকর্মীদের প্রত্যাশা, এই ঐতিহাসিক সফরের মধ্য দিয়ে যেমন দক্ষিণাঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে, তেমনি দলের তৃণমূল পর্যায়ে এক অভূতপূর্ব প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হবে।
তারেক রহমান এর আগে অতি সম্প্রতি ২০২৬ সালের ৪ ফেব্রুয়ারি (বুধবার) বরিশালে এসেছিলেন। ওই দিন তিনি বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দুপুরের দিকে বরিশাল নগরের বান্দরোডের ঐতিহ্যবাহী বেলসপার্ক মাঠে আয়োজিত একটি বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং বক্তব্য রাখেন।