নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকায় গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ১ হাজার ২১ পিস ইয়াবা, ৩ কেজি ২৩০ গ্রাম গাঁজা, দুটি ধারালো দা ও তিনটি সুইস গিয়ার চাকুসহ সাতজনকে আটক করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ এ বিশেষ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সার্বিক দিকনির্দেশনা ও গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক হেলালুজ্জামান ও পুলিশ পরিদর্শক সুজিত গোমস্তার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে এসআই শাহীন, এসআই জাহিদ, এসআই আলম, এসআই মাহমুদসহ গোয়েন্দা পুলিশের সদস্যরা অংশ নেন। তথ্য অনুযায়ী, কোতোয়ালি থানাধীন জিয়ানগর মোহাম্মদ আলী সড়ক এলাকায় অভিযান চালিয়ে মো. শামীম হাওলাদার (৪৫) ও মো. রাসেল হাওলাদার (৩৫) নামে দুজনকে ৩ কেজি গাঁজাসহ আটক করা হয়।
কাউনিয়া থানাধীন পলাশপুর বউবাজারের রনি কমিশনারের গলি এলাকায় অভিযান চালিয়ে মোসা. সুমি আক্তার (৩৬)-কে ৯৬০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ছাড়া কাউনিয়া থানার দিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে মো. সাইফুল ইসলাম শান্ত (৪০)-কে ২১ পিস ইয়াবা, ২৩০ গ্রাম গাঁজা, দুটি বড় আকারের ধারালো দা ও তিনটি সুইস গিয়ার চাকুসহ আটক করা হয়।
অন্যদিকে, কোতোয়ালি থানাধীন জেলা ও দায়রা জজ আদালতের প্রধান গেটের সামনে থেকে মো. ফয়সাল বেপারী (২৬)-কে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়। একই থানার গগনগলি এলাকা থেকে লাবনী আক্তার (২৬)-কে পাঁচ পিস ইয়াবা এবং দপদপিয়া সেতু সংলগ্ন এলাকা থেকে মো. জহিরুল ইসলাম (৩৩)-কে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মোট সাতটি মামলা করা হয়েছে। প্রাথমিক যাচাই-বাছাইয়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিরাপদ ও মাদকমুক্ত মহানগর গড়ে তুলতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।