1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নথুল্লাবাদ বাসস্ট্যান্ড নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

নথুল্লাবাদ বাসস্ট্যান্ড নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • আপডেট সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

‎নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের মালিক সমিতির সভাপতি মোশাররফ হোসেনকে নিয়ে চাঁদাবাজি, আর্থিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে প্রচারিত এসব তথ্যের অনেকটাই ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এতে মোশাররফ হোসেনের সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।

‎প্রতিবাদকারীদের ভাষ্য, সংবাদ প্রকাশের ক্ষেত্রে অভিযোগ ও বাস্তবতার মধ্যে পার্থক্য স্পষ্ট করা জরুরি। কোনো ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠলে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়ার পাশাপাশি অভিযোগের সত্যতাও যথাযথভাবে যাচাই করা উচিত।

‎তাদের দাবি, নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে বর্তমানে ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছেন। এ বিষয়ে ছাত্রদল নেতা সাকিবুল হক রাসেল এক প্রতিবেদকের সঙ্গে আলাপকালে বলেন, নথুল্লাবাদে সবাই ভালোভাবে চলছেন। ব্যবসায়ীরা ব্যবসা করছেন এবং পরিবহন ব্যবসায়ীরাও স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছেন।

‎রাসেল আরও বলেন, দূর-দূরান্তের যাত্রীদের কথা বিবেচনায় নিয়ে মোশাররফ হোসেন সার্বক্ষণিকভাবে বিভিন্ন ভালো কাজ করার চেষ্টা করছেন। তাঁর দাবি, আগের সময়ের সঙ্গে তুলনা করলে নথুল্লাবাদে বর্তমানে চাঁদাবাজি, মারামারি ও সংঘর্ষের ঘটনা খুবই কম।

‎প্রতিবাদকারীরা আরও বলেন, দীর্ঘ সময় ধরে মোশাররফ হোসেন পরিবহন খাতের সঙ্গে যুক্ত থাকলেও বিভিন্ন সময়ে তিনি নানা প্রতিকূলতার মধ্য দিয়ে ব্যবসা পরিচালনা করেছেন। একপর্যায়ে ব্যবসা পরিচালনা করতে না পেরে তাঁর সব বাস বিক্রি করে দিতে হয়েছিল বলেও তারা দাবি করেন।

‎তাদের ভাষ্য, পরবর্তী সময়ে নথুল্লাবাদের বাস মালিকরা তাকে বাসস্ট্যান্ড পরিচালনার দায়িত্ব নিতে অনুরোধ করেন। শুরুতে তিনি দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করলেও বাস মালিকদের অনুরোধে শেষ পর্যন্ত দায়িত্ব গ্রহণ করেন।

‎প্রতিবাদকারীদের দাবি, দীর্ঘ প্রায় ২৪ মাস সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস পরিচালিত হওয়ার সময়ও মোশাররফ হোসেন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওই সময়ে তাঁর বিরুদ্ধে কোনো ধরনের আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি বলেও তারা দাবি করেন।

‎তাদের আরও দাবি, সেনাবাহিনীর সরাসরি তত্ত্বাবধানের বাইরে বাস চলাচল শুরুর পর গত কয়েক মাস ধরে মোশাররফ হোসেনের নেতৃত্বে নথুল্লাবাদ বাসস্ট্যান্ড স্বাভাবিকভাবেই পরিচালিত হচ্ছে এবং বড় ধরনের কোনো সমস্যা সৃষ্টি হয়নি।

‎সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে মোশাররফ হোসেনকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ এবং নথুল্লাবাদ বাস টার্মিনালকেন্দ্রিক চাঁদাবাজি ও আর্থিক অনিয়মের অভিযোগের বিষয়টি সামনে আসে। তবে প্রকাশিত প্রতিবেদনের একটি অংশে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বক্তব্যেও বলা হয়েছে, টার্মিনালকেন্দ্রিক চাঁদাবাজির বিষয়ে কোনো মামলা নেই।

‎এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসির বক্তব্য হিসেবে উল্লেখ করা হয়, বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে মোশাররফ হোসেনকে ডেকে টার্মিনাল পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে জানতে চাওয়া হয়েছে। তিনি রাত ১১টা পর্যন্ত থানায় ছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

‎অন্যদিকে মোশাররফ হোসেন নিজেও থানায় যাওয়ার বিষয়টি অস্বীকার করেননি। তবে তাঁর বক্তব্য অনুযায়ী, বাস ও মাহিন্দ্রা শ্রমিকদের মধ্যে যাতে কোনো ধরনের বিরোধ বা সংঘাত সৃষ্টি না হয়, সে বিষয়ে তাকে সতর্ক করতে পুলিশ ডেকেছিল।

‎প্রতিবাদকারীদের বক্তব্য, পুলিশ কোনো অভিযোগের বিষয়ে তথ্য জানতে চাইলে সেটিকে সরাসরি অপরাধ প্রমাণিত হওয়ার সঙ্গে এক করে দেখার সুযোগ নেই। তদন্ত, প্রমাণ এবং আইনগত প্রক্রিয়া শেষ হওয়ার আগে কাউকে অপরাধী হিসেবে উপস্থাপন করা উচিত নয়।

‎তারা বলেন, ‘সাংবাদিক জাতির বিবেক। প্রকৃত সাংবাদিকদের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। তবে কোনো ব্যক্তিকে নিয়ে গুরুতর অভিযোগ প্রকাশের আগে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য ও তথ্য যাচাই করা প্রয়োজন। যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ হলে তাতে প্রকৃত সাংবাদিকতার ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়।’

‎প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে তারা দাবি করেন, নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে বর্তমানে ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টদের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। একই সঙ্গে মোশাররফ হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজি বা আর্থিক অনিয়মের অভিযোগকে তারা ভিত্তিহীন বলে দাবি করেন।

‎তাদের আহ্বান, ভবিষ্যতে নথুল্লাবাদ বাসস্ট্যান্ড কিংবা মোশাররফ হোসেনকে নিয়ে কোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য, পুলিশের বক্তব্য এবং যাচাইযোগ্য তথ্য গুরুত্বের সঙ্গে তুলে ধরা হোক। এতে একদিকে যেমন পাঠক সঠিক তথ্য জানতে পারবেন, অন্যদিকে সংবাদমাধ্যমের প্রতি মানুষের আস্থাও অটুট থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network