নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার পাথরঘাটায় মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ১৯ জনকে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ।
যাচাই-বাছাই শেষে তাদের মধ্যে চারজনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১৫ জনের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা করা হয়েছে। এ সময় কাগজপত্র তাৎক্ষণিকভাবে দেখাতে না পারায় চারটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত পাথরঘাটা উপজেলার ৪ নম্বর সদর ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) শাহেদ আহমেদ চৌধুরী।
পুলিশ সূত্রে জানা গেছে, অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ১৯ জনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে চারজনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়। বাকি ১৫ জনের বিরুদ্ধে জুয়া আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) পাথরঘাটায় একই ধরনের অভিযানে কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ২১ জনকে আটক করা হয়। পরবর্তী সময়ে তাদের মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার মতো অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। তরুণ সমাজকে অপরাধ ও অনলাইন জুয়ার আসক্তি থেকে রক্ষা করতে পুলিশ তৎপর রয়েছে। অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধ প্রতিরোধে অভিভাবকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।
এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে পুলিশকে জানানোর জন্য সবাইকে অনুরোধ করছেন ওসি আব্দুল আলিম। এছাড়াও অপরাধ দমনে পাথরঘাটা থানা পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।