নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপের সৃষ্ট হয়েছে। এই অবস্থায় নৌযানগুলোকে গভীর সমুদ্রে না যেতে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তর জানায়, পূর্বমধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি আজ শনিবার সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে সতর্কবার্তায় বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা ৬টা থেকে সারাদেশের জন্য দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।