1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মাগুরায় হত্যা মামলায় ওসি ও এসআই কারাগারে - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন

মাগুরায় হত্যা মামলায় ওসি ও এসআই কারাগারে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মাগুরার শালিখায় হত্যা মামলায় পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ও উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে বরিশাল থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার সন্ধ্যায় মাগুরার শালিখা আমলি আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের পরিদর্শক কামরুজ্জামান এজাহারের বরাত দিয়ে জানান, ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ও ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা মশিয়ার রহমানকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় তৎকালীন শালিখা থানার ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেন জড়িত ছিলেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। সে সময় ঘটনাটিকে ‘ক্রসফায়ার’ হিসেবে দেখিয়ে শালিখা থানায় মামলা করা হয়েছিল।

সরকারের পতনের পর নিহত মশিয়ার রহমানের স্ত্রী হাসিনা বেগম ২০২৪ সালের ১ অক্টোবর সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল হোসেনসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করেন। পরে আদালত মামলাটি এজাহারভুক্ত করার জন্য শালিখা থানাকে নির্দেশ দেন।

মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে বরিশাল নৌ পুলিশে কর্মরত বিপ্লব কুমার নাথ ও ইসমাইল হোসেনকে মঙ্গলবার দিবাগত রাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র।

বিপ্লব কুমার নাথ গ্রেফতারের আগপর্যন্ত নৌপুলিশে কর্মরত ছিলেন বলে জানা গেছে। বিগত সরকারের আমলে মাগুরা, কুষ্টিয়া, ঝিনাইদহ ও মেহেরপুরসহ বিভিন্ন জেলায় কর্মরত থাকাকালে বিপ্লব কুমার নাথ ও ইসমাইল হোসেনের বিরুদ্ধে বিএনপি ও জামায়াতের অসংখ্য নেতাকর্মীকে ‘ক্রসফায়ারের’ নামে গুলি করে হত্যা এবং ক্রসফায়ারের হুমকি দিয়ে কয়েকশ কোটি টাকা আদায়ের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network