লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় ঐতিহাসিক ৭ নভেম্বরের প্রেক্ষাপট তুলে ধরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক।
অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এ দিনের ঘটনাপ্রবাহ দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্থান করে নিয়েছে।
সিপাহী-জনতার বিপ্লবের ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতীয় সংহতির গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। ইতিহাসের সঠিক চর্চার পাশাপাশি দেশ, জনগণ ও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলাও জরুরি।
এ ছাড়া জাতীয় জীবনে বিভেদ ও বিভক্তি দূর করে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা এবং ঐক্যের চর্চা বাড়াতে হবে। এ সময় লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, ওসি (তদন্ত) মো. ফিরোজ আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, সফিউল্লাহ হাওলাদার, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আজাদুর রহমান, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম নোমান এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আব্দুল হকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।