1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ভূমিহীনদের খাস জমি বন্দোবস্তের দাবিতে স্মারকলিপি - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

বরিশালে ভূমিহীনদের খাস জমি বন্দোবস্তের দাবিতে স্মারকলিপি

  • আপডেট সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি খাস জমিতে প্রভাবশালীদের দখল ও নামে-বেনামে বরাদ্দ বন্ধ করে প্রকৃত ভূমিহীনদের মধ্যে জমি বন্দোবস্তের দাবিতে বরিশালে সমাবেশ ও মিছিল করেছেন গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে সংগঠনটির উদ্যোগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান নেতাকর্মীরা। সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে ভূমিমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেয়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, ভূমিহীন মানুষের পুনর্বাসন ও জীবিকার নিশ্চয়তায় সরকারি খাস জমি বন্দোবস্তের বিধান থাকলেও বাস্তবে প্রকৃত ভূমিহীনরা অনেক ক্ষেত্রেই সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। অন্যদিকে প্রভাবশালী গোষ্ঠী বিভিন্ন কৌশলে সরকারি জমি দখল কিংবা বরাদ্দ নেয়ার সুযোগ পাচ্ছে বলে অভিযোগ করেন তারা।

গণসংহতি আন্দোলন বরিশাল জেলার নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের প্রধান সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) ও বরিশাল জেলা সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু।

তিনি বলেন, ভূমি প্রশাসন ম্যানুয়াল অনুযায়ী সরকারি খাস জমির প্রকৃত অধিকার ভূমিহীন জনগণের। অথচ প্রকৃত ভূমিহীনদের বাদ দিয়ে অনেক ক্ষেত্রে নামে-বেনামে প্রভাবশালী গোষ্ঠীর কাছে এসব জমি বরাদ্দ দেয়ার অভিযোগ রয়েছে।

দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, ভূমির অধিকার নিশ্চিত করার দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। কিন্তু সরকার ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি যথাযথ গুরুত্ব পাচ্ছে না। অবিলম্বে প্রকৃত ভূমিহীনদের মধ্যে খাস জমি বন্দোবস্ত দেয়ার উদ্যোগ নিতে হবে।

বক্তারা বলেন, খাস জমির তথ্য সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হলে জমি বরাদ্দে অনিয়ম ও প্রভাবশালীদের দখলের সুযোগ অনেকটাই কমানো সম্ভব হবে।

এছাড়া চরাঞ্চলের জমি ও জলাশয় ইজারা দেয়ার ক্ষেত্রে প্রকৃত কৃষক ও মৎস্যজীবীদের অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।

নদীভাঙন ও উচ্ছেদের কারণে যারা বসতভিটা হারিয়ে গৃহহীন হয়েছেন, তাদের দ্রুত খাস জমিতে পুনর্বাসনের উদ্যোগ নেয়ার দাবি জানান বক্তারা।

তাদের মতে, এসব পরিবারের জন্য স্থায়ী আবাসন কিংবা গুচ্ছগ্রাম নির্মাণ করে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি স্থানীয় ভূমি অফিসগুলোতে ঘুষ-দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সমাবেশে গণসংহতি আন্দোলন বরিশাল জেলার সহনির্বাহী সমন্বয়কারী আবুল হোসেন মারুফ, অর্থ সম্পাদক ইয়াসমিন সুলতানা, সদস্য রুমা আক্তার ও শ্যামলী আক্তার উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে ভূমিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network