1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ার শপথ নিল শিক্ষার্থীরা - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

বরিশালে পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ার শপথ নিল শিক্ষার্থীরা

  • আপডেট সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের গৌরনদীতে পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তোলা এবং দেশের সেবায় নিজেদের নিয়োজিত রাখার শপথ নিয়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকারের নেতৃত্বে শিক্ষার্থীরা দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার অঙ্গীকার করে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে গৌরনদী উপজেলার পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের আগে প্রতিষ্ঠানের শহীদ মিনার প্রাঙ্গণে এ শপথ অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের উদ্দেশে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। এ সময় শত শত শিক্ষার্থী তার সঙ্গে শপথ বাক্য পাঠ করে দেশের প্রতি আনুগত্য, জাতীয় ঐক্য, শৃঙ্খলা বজায় রাখা এবং দেশ ও মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখার অঙ্গীকার করে।

শপথ পাঠ শেষে জেলা প্রশাসক শিক্ষার্থীদের পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার পাশাপাশি নিজেদের শিক্ষাজীবনে দায়িত্বশীলতা, মানবিকতা ও দেশপ্রেমের চর্চা করার আহ্বান জানান। তিনি বলেন, পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার দায়িত্ব শুধু সরকারের নয়; প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে এ কাজে ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীরা সচেতন হলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজে পরিচ্ছন্নতার বার্তা দ্রুত ছড়িয়ে দেওয়া সম্ভব।

পরে শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়। এ সময় পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানো এবং গাছের পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, সদস্য সচিব সফিকুর রহমান শরীফ স্বপন, পৌর নির্বাহী কর্মকর্তা হারুনুর রশীদ, প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান, প্রভাষক রাজা রাম সাহাসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শপথ ও পরিচ্ছন্নতা-বৃক্ষরোপণ কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা জানান, পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও দেশপ্রেমের চেতনা শিক্ষার্থীদের মধ্যে আরও দৃঢ় করতেই এ ধরনের কর্মসূচি আয়োজন করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network