মুলাদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের মুলাদী উপজেলার ঐতিহ্যবাহী গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দেওয়ান মো. মামুন হোসেন।
গত ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই এডহক কমিটি অনুমোদন প্রদান করা হয়।
নবনির্বাচিত সভাপতি দেওয়ান মো. মামুন হোসেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অনুমোদিত চার সদস্যবিশিষ্ট এই এডহক কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে সদস্য মনোনীত হয়েছেন মো. এমরান হোসেন এবং অভিভাবক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মো. শফিকুল ইসলাম। এছাড়া পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দীন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন সভাপতি দেওয়ান মো. মামুন হোসেন মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় শিক্ষাবোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়টির শিক্ষার গুণগত মান উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং সুশাসন প্রতিষ্ঠায় শিক্ষক, অভিভাবক ও এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।
এদিকে ছাত্রদলের সাবেক এই কেন্দ্রীয় নেতা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের প্রধান মনোনীত হওয়ায় স্থানীয় সুশীল সমাজ, অভিভাবকবৃন্দ এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।