নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন, সাইবার অপরাধ ও জঙ্গিবাদমুক্ত নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নে বিট মিটিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় ইউনিয়নের আতাকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বিট অফিসার এনামুল হকের সভাপতিত্বে এবং ভরপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আল আমিন সিকদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন ও বিএনপি নেতা ওয়াহিদুল ইসলাম স্বপন সিকদার।
সভায় বক্তব্য দেন বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) পলাশ চন্দ্র, রুহুল আমিন জোমাদ্দার, উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, ভরপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদ খান সুমন ও যুগ্ম আহ্বায়ক মোল্লা মাসুদ রানাসহ অন্যরা।
সভায় মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন, সাইবার অপরাধ ও জঙ্গিবাদ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমনে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, নিরাপদ সমাজ গড়তে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগের পাশাপাশি সবার সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা জরুরি। অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে এগিয়ে আসার এবং যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তাঁরা।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের বিট মিটিংয়ের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং অপরাধ প্রতিরোধে জনসচেতনতা আরও জোরদার হবে।