নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর গলাচিপায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে তিন জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের সাথে থাকা এক শিশুকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেন।
কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন মো. বাহাদুর হোসাইন (৩০), মো. আলাউদ্দিন (৩২) ও মো. সোহাগ (৩২)। তাঁরা সবাই গলাচিপা উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের বাসিন্দা।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণে চলমান অভিযানের সময় চারজনকে আটক করা হয়। পরে তাঁদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হলে ভ্রাম্যমাণ আদালত তিন জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। তাঁদের সঙ্গে থাকা শিশুটিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযানে এ পর্যন্ত ৫৩টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৫১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৩ লাখ ২৫৫ মিটার জাল উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: জুলাইকে অস্বীকার করে রাজনীতির সুযোগ নেই: তথ্যমন্ত্রী
তিনি আরও জানান, ৬২টি অভিযানে ৩৩টি মামলার মাধ্যমে ২৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া এসব অভিযানে ৩০১ মণ ইলিশ উদ্ধার করা হয়েছে।