বরিশাল প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), বরিশাল কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসনের পৃথক দুটি অভিযানে এক ভুয়া চিকিৎসক ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত পরিচালিত এসব অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, প্রথমে এনএসআইয়ের সদস্যরা ছদ্মবেশে রোগী সেজে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা বাজার এলাকায় তাসলিমা আক্তার আন্নি নামে এক ব্যক্তির চেম্বারে যান এবং চিকিৎসাসেবা গ্রহণ করেন। অভিযোগ অনুযায়ী, এমবিবিএস বা বিডিএস ডিগ্রির সনদ ছাড়াই তিনি দীর্ঘদিন ধরে মা ও শিশুবিষয়ক রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। এতে এলাকার অসহায় ও শ্রমজীবী মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ ওঠে। এ ছাড়া তাঁর নিজস্ব ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধও পাওয়া যায়।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়।
এরপর একই এলাকায় অবস্থিত ‘পল্লবী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে’ অভিযান চালানো হয়। সেখানে প্রয়োজনীয় সনদ ও প্যাথলজিস্ট ছাড়াই বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট প্রদান এবং পরীক্ষাগারের পরিবেশ ও ব্যবস্থাপনায় যথাযথ মান বজায় না রাখার অভিযোগ পাওয়া যায়। এসব অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. সাব্বির সরদারকে একই আইনের ৫৩ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ডায়াগনস্টিক সেন্টারটির কার্যক্রমের বিষয়ে এনএসআই সদস্যরা দীর্ঘদিন ধরে গোপনে পর্যবেক্ষণ করেন। পরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হয়।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনার নেতৃত্বে পরিচালিত অভিযানে এনএসআই সদস্য ও বিমানবন্দর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার নামে প্রতারণা প্রতিরোধ এবং অনিয়মের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।