নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বরিশালের বাকেরগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার ভরপাশা ইউনিয়নের ভাঙ্গাপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দক্ষিণখান গ্রামের ফিরোজ আলমের ছেলে আলী আকবর এবং পটুয়াখালীর ছোট বিঘাই গ্রামের মাহতাব হোসেন। তাঁরা দুজনই বরিশাল সেনানিবাস এলাকায় একটি প্রকল্পে কর্মরত ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার বেলা সাড়ে ১২টার দিকে বাউফল থেকে ছেড়ে আসা পটুয়াখালী পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন। বাকেরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।