নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের মুলাদীতে জমিজমার বিরোধ ও গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার সাফিপুর ইউনিয়নের পাতারচর লক্ষ্মীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাতারচর লক্ষ্মীপুর গ্রামের মৃত সোবাহান সিকদারের স্ত্রী রাহিমা বেগমের (৫০) সঙ্গে একই বাড়ির কালাম সিকদারের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
কালাম সিকদার ও তাঁর লোকজন বিধবা রাহিমা বেগমের জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। বিরোধ নিষ্পত্তিতে গত ৯ মে স্থানীয়ভাবে একটি সালিস বৈঠক হয়। সালিসে রাহিমা বেগমকে বাড়ির উঠানে থাকা একটি চাম্বুল গাছ বিক্রির সিদ্ধান্ত দেওয়া হয়।
আজ বেলা ১২টার দিকে গাছটির ক্রেতা গাছ কাটতে গেলে কালাম সিকদার বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কালাম সিকদারের নেতৃত্বে তাঁর স্ত্রী ও মেয়েসহ ৮-১০ জন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালান বলে অভিযোগ।
হামলায় রাহিমা বেগম (৫০), তাঁর ছেলে মেরাজ সিকদার (১৭), কামাল উদ্দীনের স্ত্রী কহিনূর বেগম (৬০), সিদ্দিক হাওলাদারের স্ত্রী আনতেশা বেগম (৫০), তাঁর মেয়ে শারমিন (২৩), হানিফ হাওলাদারের স্ত্রী আসমা বেগম (৪০), আনোয়ার হোসেনের স্ত্রী ফাতেমা বেগম (৩৫) এবং হেলাল দেওয়ানের মেয়ে কুলসুম বেগম (২৫) সহ কমপক্ষে ১০ জন গুরুতর আহত হন।
এ ঘটনায় ভুক্তভোগী রাহিমা বেগম বাদী হয়ে কালাম সিকদার, তাঁর স্ত্রী রাশিদা বেগমসহ আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে মুলাদী থানায় মামলা দায়ের করেছেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, ‘জমি ও গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’