নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গাজীপুরের শ্রীপুরে নেশার টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যাকারী আনোয়ার হোসেন (৩৪) প্রতিবেশীর বাড়িতে মোবাইল চার্জ দিতে যান।
এ সময় স্থানীয়রা তাকে ধাওয়া করে ধরে গাছের সঙ্গে বেঁধে পুলিশে খবর দেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।জানা গেছে, গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন নিহত আব্দুস সামাদের ছেলে।
নিহতের স্বজন তানজিম আহমেদ পুস্প জানান, বাবাকে পিটিয়ে হত্যাকরে গা ঢাকা দেন আনোয়ার। মঙ্গলবার রাত ১০টার দিকে আনোয়ার প্রতিবেশীর বাড়িতে মোবাইল চার্জ দিতে যান। স্থানীয়রা তাকে আটকে গাছের সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয় রাত ১১টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এর আগে গত রোববার, ২৬ অক্টোবর ভোর ৫টার দিকে শ্রীপুর উপজেলার সাইটালিয়া গ্রামে নেশার টাকার জন্য স্ত্রীকে মারপিট করেন আনোয়ার। পুত্রবধুকে রক্ষায় এগিয়ে যান ষাটোর্ধ বাবা আ. সামাদ। ক্ষিপ্ত হয়ে আনোয়ার বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন।
বৃদ্ধ সামাদ মাটিতে পড়ে যান। এ সময় আনোয়ার বাবার বুকে আট থেকে দশটি লাথি মেরে পালিয়ে যান। পরে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই কামরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, বাবার হত্যায় অভিযুক্তকে স্থানীয়রা আটক করেন। খবর পেয়ে তাকে তাৎক্ষনিক গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।