দানিসুর রহমান লিমন, বিশেষ প্রতিবেদক: বরিশালের বাকেরগঞ্জে বিরোধীয় জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হালিম হাওলাদার (৬৫) নিহত হয়েছেন। হামলায় দেলোয়ার হোসেনসহ আরও কয়েকজন আহত হয়েছে।
শুক্রবার বিকেল ৩ টায় উপজেলার গারুড়িয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে এ ঘটনা ঘটেছে।
ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ন-সাধারণ সম্পাদক মাহমুদুনবী সুমন হাওলাদার দীর্ঘদিন ধরে তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি এবং তার বড় ভাই হালিম হাওলাদারকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়।
গত ১০ মে ছাত্রদল নেতা মাহামুদুনবী সুমনসহ কতিপয় লোক পুনরায় চাঁদার জন্য গেলে ব্যবসায়ী দেলোয়ারের বড় ভাই হালিম হাওলাদার তার পকেটে থাকা ৩ হাজার টাকা দিয়ে দেন। এ সময় তারা ক্ষিপ্ত হয়ে বাকি টাকা দুএক দিনের মধ্যে না দিলে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় তিনি ১৪ মে রাতে বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেয়। তার ক্রয়কৃত জমিতে ভালো ভরাট করতে গেলে ক্ষিপ্ত হয়ে শুক্রবার দুপর ৩ টার সময় ছাত্রদল নেতা সুমনের নেতৃত্বে সোহাগ মোল্লা, কালাম হাওলাদার, উজ্জল হাওলাদার, আবুয়াল হোসেন আউয়াল ও লিখনসহ প্রায় ১৫-২০ জন লোক দেলোয়ারের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তার বড় ভাই হালিম হাওলাদারের উপর অতর্কিত হামলা করে। তাকে বাঁচাতে গেলে হামলাকারীরা দেলোয়ারকেও পিটিয়ে জখম করে। হামলায় গুরুতর আহত হালিম হাওলাদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আদিল হোসেন জানান, জমি সংক্রান্ত বিরোধে হামলায় হালিম খানের একজন নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে কালাম হাওলাদার এবং উজ্জল হাওলাদারকে পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রত্রিয়াধীন রয়েছে।