নিজস্ব প্রতিবেদক : বরিশালের হিজলা উপজেলার কাইচমা লঞ্চঘাটে বিআইডব্লিউটিএ-এর তত্ত্বাবধানে নতুন পল্টুন স্থাপনের কাজ এবং নদী ভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন নৌপরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান এমপি।
মঙ্গলবার (১২ মে) বিকেলে তিনি হিজলা উপজেলার দুর্গাপুর ও মৌলভীরহাট এলাকার মেঘনা নদীর তীরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে হিজলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার, হিজলা থানার অফিসার ইনচার্জ মোঃ সোলায়মান হোসেন, হিজলা উপজেলা বিএনপির সদস্য সচিব এড দেওয়ান মনির হোসাইন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলতাফ হোসেন খোকন, বরিশাল পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন প্রকৌশলী এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারগণ উপস্থিত ছিলেন।
সরেজমিনে পরিদর্শনকালে প্রতিমন্ত্রী নতুন পল্টুন স্থাপনের কাজের অগ্রগতি দেখেন এবং যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন। এরপর তিনি নদী ভাঙন কবলিত এলাকাগুলো ঘুরে দেখেন এবং স্থানীয় ক্ষতিগ্রস্ত মানুষের সাথে কথা বলেন। ভাঙন রোধে স্থায়ী সমাধানের লক্ষে তিনি উপস্থিত পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীদের প্রয়োজনীয় কারিগরি পরিকল্পনা তৈরির নির্দেশনা প্রদান করেন।
তিনি আরো বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত ব্যবস্থা আধুনিকায়ন এবং নদী ভাঙন রোধে অত্যন্ত আন্তরিক। হিজলার কাইচমা ঘাটে যাত্রী সেবার মান বাড়াতে আমরা নতুন পল্টুন দিচ্ছি। আমি আজ সরেজমিনে নদী ভাঙন পরিস্থিতি দেখলাম। দুর্গাপুর ও মৌলভীরহাট এলাকার মানুষ প্রতি বছর যে কষ্টের সম্মুখীন হয়, তার স্থায়ী সমাধানের জন্য আমরা একটি বৃহৎ প্রকল্প গ্রহণ করছি। পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা জরিপ কাজ করছেন, দ্রুতই এখানে টেকসই বেড়িবাঁধ বা ব্লকের কাজ শুরু হবে।
প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের গুণগত মান বজায় রেখে প্রতিটি কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার কড়া নির্দেশ দেন।